জননীসাহসিকার জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়া কামালের জন্মদিনে গতকাল ছায়ানটের অনুষ্ঠানে ছিল একক ও সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
সুফিয়া কামালের জন্মদিনে গতকাল ছায়ানটের অনুষ্ঠানে ছিল একক ও সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

গতকাল সোমবার ছিল জননীসাহসিকা কবি সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী। দেশের নানা ক্রান্তিলগ্নে সোচ্চার ছিলেন এই কবি। নারী জাগরণে তাঁর অবদানের কথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে গেছে। ছায়ানটের যাত্রা শুরুর সময়েও তিনি ছিলেন উদ্যোক্তাদের একজন। সকালে ছায়ানটের আয়োজনে দিনটি উদ্যাপনে ছিল এক অনাড়ম্বর আয়োজন। তাঁকে স্মরণ করে গতকাল গান ও কবিতায় খানিকটা সময় কাটালেন শিল্পীরা।
শুরুতেই সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা ‘ভুবন জোড়া আসনখানি’ গেয়ে শোনান। নাঈমা নাজ শোনান ‘শুধু তোমার বাণী নয়গো হে বন্ধু’ গানটি। আরও গান করেন ইফফাত আরা দেওয়ান, নাসিমা শাহীন, সুমন মজুমদার, ইলোরা আহমেদ ও বিমানচন্দ্র বিশ্বাস।
ছায়ানটের কার্যকরী সংসদের সদস্য আ ফ ম সাইফুদ্দৌলা বলেন, ‘আজ এক বিশেষ দিন। বাংলাদেশের অনন্য এক কবির আজ জন্মদিন। তাঁর স্মরণেই আমাদের আজকের এই আয়োজন। আশা করি সবার ভালো লাগবে।’
সুফিয়া কামালের ‘হোক সবে মহীয়সী’ কবিতাটি আবৃত্তি করেন মাহমুদা আখতার। একাত্তরের ডায়েরি থেকে পড়ে শোনান আবদুস সবুর খান চৌধুরী। ছায়ানট আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহসভাপতি নুরুন্নাহার আবেদীন। শিল্পীরা ‘তুমি আমায় যবে জাগাও গুণী’, ‘মধুর ও সে মুখখানি’, ‘তুমি দাও গো দাও মোরে’, ‘তোমার এ মাধুরী ছাপিয়ে আকাশ’, ‘দয়াল দরদী কাঙ্গাল এলো’ গানগুলো গেয়ে শোনান। সম্মিলিত কণ্ঠে শিল্পীরা শোনান ‘হে পার্থ সারথী’ গানটি।