জনপ্রিয় বলে একটু-আধটু সমালোচনা হয়: তিন্নি
মডেল ও অভিনেত্রী তিন্নির চলচ্চিত্রে যাত্রা মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশের’ মাধ্যমে। ছবিটিতে তিন্নির উপস্থিতি ছিল খুবই অল্প সময়ের জন্য। গত ২১ মে ‘সে আমার মন কেড়েছে’ ছবির জমকালো এক মহরতের মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শ্রাবস্তী দত্ত তিন্নির। সেদিন ছবির একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেন তিন্নি। সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছিল। কিন্তু হঠাত্ গত ২৩ আগস্ট কোনো কথাবার্তা ছাড়াই সেটে অনুপস্থিত থাকেন তিন্নি। সারা দিন যোগাযোগ করেও তাঁর খোঁজ মেলেনি। তিন্নিকে সময়মতো সেটে না পেয়ে পরিচালক সোহানুর রহমান সোহান নানা পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন। আবার পরের দিন বিকেলে ঠিকই সেটে আসেন এবং শুটিংয়ে অংশ নেন তিন্নি।শুটিংয়ে ফেরার খবরে পরিচালক সোহানুর রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আসলে একসঙ্গে কাজ করতে গেলে এক-আধটু সমস্যা হয়ই। একে এত বড়ভাবে না দেখাটাই ভালো বলে মনে করছি। তা ছাড়া তিন্নি যেহেতু তাঁর ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি।’ প্রথম ঘটনার ঠিক এক সপ্তাহ পর ১ সেপ্টেম্বর বুধবার আবার হঠাত্ বেঁকে বসেন তিন্নি। কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই শুটিংয়ে না এসে যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন। ফলে পুরো ইউনিট উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন সোহান ছবি সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের সাহায্য চান।সোহানের উদ্যোগে ১ সেপ্টেম্বর সন্ধ্যার পর এফডিসিতে চলচ্চিত্র-প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতির নেতারা জরুরি বৈঠকে বসেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে মনোভাবের ব্যাখ্যা করেন পরিচালক সোহান। তিন্নির উপস্থিতিতেই পরিচালক সোহান তাঁর অপেশাদার শিল্পীসুলভ আচরণের অভিযোগগুলো উত্থাপন করেন। তিনি সেদিন বলেন, তিন্নি সকাল ১০টার সিডিউলে বিকেল পাঁচটায় সেটে আসেন। মোবাইলে এসএমএস করা হলে উত্তরে তিন্নি বাজে মন্তব্য করেন। বাসায় গিয়ে কথা বলতে চাইলে তাতে তিন্নি ক্ষুব্ধ হন।সমিতির নেতারা বিষয়টির ব্যাখ্যা চাইলে তিন্নি তখন উত্তর দিতে পারেননি। বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শওকত জামিলসহ অনেকেই। তিনি অভিনেত্রী তিন্নিকে সতর্ক করে জানান, হয় মনযোগ দিয়ে ছবির কাজ করতে হবে। আর না করলে ছেড়ে দিতে পারেন। তখন তিন্নিকে অবশ্যই ছবির পেছনে এ পর্যন্ত বিনিয়োগের পুরো অর্থ ফেরত দিতে হবে।শওকত জামিলের সতর্কবাণীর তাত্ক্ষণিক কোনো জবাব না দিলেও তিন্নি ছবির কাজ সময়মতো শেষ করার প্রতিশ্রুতি দেন। পরে তিন্নিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। এর আগেও আমাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। সেগুলো কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা, সে বিষয়েও কিছুই বলতে রাজি নই। তবে আমি মনে করি যে বেশি জনপ্রিয়, তাকে নিয়ে একটু-আধটু সমালোচনা হয়ই। এসব নিয়ে ভাবলে তো চলবে না।’ তা ছাড়া গত ২৩ আগস্টের ঘটনা সম্পর্কে তিন্নিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি আসলে সেদিন মানসিকভাবে খুব একটা সুস্থ ছিলাম না। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি আসলে সব কিছু ভুলে কাজ করতে চাই। আমি সবকিছুর জবাব ছবির ফলাফলের মাধ্যমেই দেব।’