>১ ডিসেম্বর থেকে সব চ্যানেল নিয়মিত প্রচার করছে বিজয়ের মাস ডিসেম্বরের বার্তা। তাদের অনুষ্ঠানগুলো সাজাচ্ছে মুক্তিযুদ্ধ, একাত্তর ও দেশপ্রেমের নানা বার্তা দিয়ে। সপ্তাহ ঘুরে টিভি সমালোচনা লিখেছেন আবু রইস।
এবার আমরা এ সপ্তাহে প্রচারিত কয়েকটি উল্লেখযোগ্য অনুষ্ঠানের দিকে তাকাই। ১ ডিসেম্বর রাত ১১টায় ‘মাছরাঙা’ টেলিভিশনে প্রচারিত হলো কৌশিক শংকর দাশের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। এবারের শিল্পী ছিলেন সন্দীপন। ‘মাছরাঙা’ টেলিভিশনের খুব জনপ্রিয় গানের অনুষ্ঠান এটি। অনুষ্ঠানের শিল্পী নির্বাচন, আবহ ও নির্মাণ এবং উপস্থাপকের সংযত উপস্থাপনাই অনুষ্ঠানটিকে জনপ্রিয় করে তুলেছে। শিল্পী সন্দীপন একটানা প্রায় ১৫-১৬টি গান পরিবেশন করেছেন। তাঁর গানের নির্বাচন ছিল বৈচিত্র্যময়। আধুনিক বেশি করেছেন, পাশাপাশি দেশাত্মবোধক, লোকগীতি, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত কোনোটিই বাদ দেননি। আর ভালো লেগেছে ‘ও আমার বাংলা মা তোর’ দেশাত্মবোধক গানটি দিয়ে শুরু করা এবং ‘ও আমার দেশের মাটি’ দেশাত্মবোধক রবীন্দ্রসংগীত দিয়ে শেষ করা।
তাঁর কথোপকথনে বোঝা গেছে, শচীন দেববর্মনের গানের প্রতি রয়েছে তাঁর বিশেষ অনুরাগ। তাঁর কণ্ঠ একটু হালকা হলেও সুরেলা এবং সুমিষ্ট। গায়কিটাও আকর্ষণীয়। তিনি যে মূলত কী গান করেন, তা সুস্পষ্ট হয়নি। তিনি লালনের একটি গান পরিবেশন করেছেন ‘আমি অপার হয়ে বসে আছি’, শেষের উপস্থাপনাটা একটু অন্যরকম করেছেন। শ্রুতিকটু লাগেনি। আর শেষে রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’তে বারবার উচ্চারণ করেছেন ‘ঠেকায় মাথা’। আসলে তো উচ্চারণটি হবে ‘ঠেকাই’। আমরা আশা করি এ বিষয়গুলোও একজন শিল্পীকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
১ ডিসেম্বর রাত নয়টায় ‘আরটিভি’তে প্রচারিত হলো এ সপ্তাহের নাটক বিপরীত হিত। জুয়েল আহমেদের রচনা ও এস স্বপ্নর পরিচালনায় বিপরীত হিত নাটকটি কাহিনি গড়ে উঠেছে মালয়েশিয়ার পটভূমিতে। এতে অভিনয় করেছেন নিরব, শখ, জুঁই, ফরহাদ কবির প্রমুখ।
মিথিলা মালয়েশিয়া নামার পর এয়ারপোর্টেই পরিচয় হয় পরোপকারী প্রকাশের সঙ্গে। এই পরিচয় থেকেই প্রকাশ তার পাণিপ্রার্থী হয়ে যায়। আর এ জন্য সে শরণাপন্ন হয় তার বন্ধু মামুনের। এরপর মামুন তার বন্ধু প্রকাশকে ফাঁকি দিয়ে নিজেই প্রেমিক সেজে বসে। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যায়ে এসে জানাজানি হয় মিথিলা বিবাহিতা এবং সে মালয়েশিয়ায় এসেছে তার স্বামীর ওপর রাগ করে। আর মিথিলার ভাই এসেছে তাকে ফিরিয়ে নিতে।
এই সাদামাটা গল্পটিও হতে পারত অসাধারণ, গল্পের মধ্যে তেমন বীজও ছিল। কিন্তু দুর্বল উপস্থাপনা, অস্বাভাবিক চরিত্র চিত্রণ ও নিম্নমানের সংলাপ রচনায় সাদামাটা থেকে নাটকটি হয়ে গেছে পাংশু ও বিবর্ণ। শুধু লোকেশন ছাড়া আর কোনো কিছুই দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। শিল্পী ও নির্মাতাদের অনুধাবন ও সচেতনতা অত্যন্ত জরুরি। এই যদি হয় তাঁদের অনুষ্ঠানের মান, তাহলে ওই আন্দোলন বা জমায়েত কোনো লাভ হবে না, বিদেশি অনুষ্ঠান আসবেই।
২ ডিসেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এনটিভিতে প্রচারিত হলো টেলিছবি খোয়াব। ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শমী কায়সার, ভাবনা, মিঠু প্রমুখ। অত্যন্ত নাটকীয়তায় ভরা গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি খোয়াব। টেলিছবিটি পুনঃপ্রচার হয়েছে।
প্রতি সপ্তাহে স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয় বেশ কয়েকটি অনুষ্ঠান। সেখানে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের রোগ বা বিভিন্ন রোগের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়। সংগত কারণেই এ অনুষ্ঠানগুলোর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ২ ডিসেম্বর সকাল ১০টায় একুশে টিভিতে প্রচারিত হলো শিশুদের স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান ‘সোনা-মণিদের সুখে অসুখে’ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে শিশুদের দৃষ্টি সমস্যা নিয়ে অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. হারুন অর রশীদ। এ ধরনের জনসচেতনতামূলক অনুষ্ঠান প্রচারে চ্যানেলগুলো আরও আন্তরিক ও যত্নবান হবে, এটাই আমাদের প্রত্যাশা।
শেষ করব একটি সাক্ষাৎকার অনুষ্ঠানের বিবরণ দিয়ে। ১ ডিসেম্বর বেলা ১১টায় আরটিভিতে প্রচারিত হলো সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘তারকালাপ’।এ দিন অতিথি ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এ দিন ছিল তাঁর জন্মদিন। আমাদের সমাজে একজন নারী হয়েও নির্মাতার মতো চ্যালেঞ্জিং কাজে তিনি কীভাবে এগিয়ে এলেন, নানা প্রতিকূলতা জয় করে কীভাবে প্রতিষ্ঠা পেলেন, আমরা একে একে শুনলাম সে গল্প। তাঁর এ গল্প শুনে অন্যরাও অনুপ্রাণিত হোক, এ আশাবাদ রইল।