জনি ইংলিশ আবার
কখনো জুজুৎসুর প্যাঁচ। কখনো লাগসই কুংফু-কারাতে। আর খালি হাতে কাজ না হলে পকেটে তো বিশ্বস্ত বন্ধুটা আছেই—ওয়ালথার পিপিকে। নির্ভুল নিশানায় তাক করে কেবল ট্রিগার টেনে দিলেই খেল খতম। এরপর পিস্তলের মাথায় একটা ফুঁ দিয়ে জলদগম্ভীর স্বরে দেওয়া সেই বিখ্যাত সংলাপ: দ্য নেম ইজ... না, জেমস বন্ড নন; ইংলিশ, জনি ইংলিশ!জেমস বন্ডের সঙ্গে জনি ইংলিশের মিল আছে অনেক দিক দিয়েই। দুজনই ব্রিটিশ সিক্রেট এজেন্ট। দুজনই দুর্ধর্ষ সব অভিযানে নেমে পড়েন। কিন্তু মিল শেষ এখানেই। বন্ডের সঙ্গে কোনো দিক দিয়েই আর তুলনা চলে না জনি ইংলিশের। জনি ইংলিশ যে আসলে জেমস বন্ডের কমেডি রূপ!২০০৩ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবিটি, জনি ইংলিশ নামেই। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রোয়ান অ্যাটকিনসন। ঠিকই ধরেছেন, মিস্টার বিন খ্যাত সেই বিখ্যাত ব্রিটিশ অভিনেতা। অ্যাটকিনসন যেখানে আছেন, সেখানে হাসতে হাসতে পেটে খিল তো লাগবেই। সেবার দারুণ ব্যবসাসফল হয়েছিল এই স্পাই কমেডি। সেই সিরিজেরই নতুন ছবি জনি ইংলিশ রিবর্ন মুক্তি পেল কদিন আগে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাটকিনসন। আর তাঁর বসের ভূমিকায় কে আছেন জানেন? এক্স ফাইলস তারকা গিলিয়ান অ্যান্ডারসন!বড় পর্দায় অ্যাটকিনসন তাঁর প্যাঁচাটে মুখখানা সর্বশেষ দেখিয়েছিলেন চার বছর আগে, দুনিয়া মাতানো মিস্টার বিনস হলিডে দিয়ে। শোনা যাচ্ছিল, বড় পর্দায় আর অভিনয় করবেন না। এমনকি ধীরে ধীরে সব খান থেকেই গুটিয়ে নিচ্ছিলেন নিজেকে। কিন্তু ৫৬ বছর বয়সে আবারও ফিরে এলেন। এবং এবার স্পাই হিসেবেই। যে ছবিতে কিনা এই বয়সে তাঁকে স্ট্যান্টস দিতে হয়েছে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে!তাই বলে আবার ভেবে বসবেন না জনি ইংলিশ রিবর্ন মারদাঙ্গা অ্যাকশনে ভরপুর। মোটেও তা নয়। বরং জনি ইংলিশ দেখার অভিজ্ঞতা যাঁদের আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, এবারও ভয়ংকর সব হাস্যকর কাণ্ডকারখানা করবেন জনি ইংলিশ।ছবির শুরুতেই দেখা যাবে আগের অভিযানে জনি ইংলিশের ভয়ংকর সব ভুল কাজের শাস্তি হিসেবে তাঁকে পাঠানো হয়েছে তিব্বতে। সেখানেই মার্শাল আর্ট শিখছেন এই সিক্রেট এজেন্ট। দ্রুতই তোশিবা ব্রিটিশ ইন্টেলিজেন্স বা এম-সেভেনটিনের হেড কোয়ার্টারে ডাক পড়ে তাঁর। কারণ, তথ্য পাওয়া গেছে, একটা আন্তর্জাতিক খুনে চক্র চীনের রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলে বিশ্বে চরম অশান্তি তৈরি করতে চায়। রুখে দিতে হবে তাঁদের এই চক্রান্ত। আর এই মিশনের জন্য সবচেয়ে ‘যোগ্য’ লোকটিকেই বেছে নেওয়া হয়। অভিযানে নেমে পড়েন জনি ইংলিশ। তারপর? ছবিটা না দেখলেও বাজি ধরে বলে দেওয়া যায়, আবার সব বিষম খাওয়া হাসির কাণ্ডকারখানা করবেন জনি ইংলিশ। কিন্তু শেষ পর্যন্ত মিশন সাকসেসফুল করেই ছাড়বেন।ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই প্রচার অভিযানে নেমে পড়েছিলেন। এখনো ব্যস্ত সময়ই যাচ্ছে অ্যাটকিনসনের। শুধু ছবির হিরোই নন; নির্বাহী প্রযোজকও। বাড়তি একটা দায়িত্ব তো আছেই। দেদার সাক্ষাৎকারও দিয়ে বেড়াচ্ছেন। এমনই এক সাক্ষাৎকারে বলেছেন গিলিয়ান অ্যান্ডারসনের সঙ্গে তাঁর অভিনয়ের অভিজ্ঞতার কথা। গিলিয়ান এমনিতে সিরিয়াস অভিনয়েই অভ্যস্ত। জনি ইংলিশ রিবর্ন-এ তাঁকে রাশভারী বস হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ওপাশের সহ-অভিনেতা যখন মিস্টার বিন, তখন রাশভারী অভিব্যক্তি তো ধরে রাখা মুশকিল।জনি ইংলিশ সিরিজের প্রথম ছবিটির শুটিং শুরু হয়েছিল আট বছর আগে। মাঝখানের বিরতিটা তো লম্বা। অনেক কিছুই পাল্টেছে। এই পরিবর্তন কীভাবে দেখেন অ্যাটকিনসন? স্বভাবসুলভ ভঙ্গিতেই জানালেন, ‘কী আর পরিবর্তন হয়েছে! আমি আরও বুড়ো হয়েছি। কিছু স্ট্যান্টস নিতে গিয়ে বুড়ো হাড়ের ভেলকি দেখাতে গিয়ে উল্টো কাবু হয়ে গেছি, এই যা।’ রাজীব হাসানসূত্র: এলএ টাইমস