জনি এখন তারকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় হঠাৎ গাড়ি থেমে গেছে। গাড়ির কাচ নামিয়ে একজন বলল, ‘আরে, ওকে তো নাটকে দেখেছি!’ এর কিছুক্ষণ পর এগিয়ে এলেন আরেকজন। তিনিও চিনে ফেলেছেন শিল্পীটিকে। সেলফি তোলার জন্য মুঠোফোনের ক্যামেরা প্রস্তুত। ভিড় ঠেলে শুধু সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষা। তারকা রাস্তায় বেরোলে যা হয়, সেটাই হলো। ভিড় হবেই তো। মি. জনি নাটকে অভিনয় করে জনি এখন সত্যিই তারকা হয়ে গেছে। তাই রীতিমতো শিডিউল মিলিয়ে বসতে হলো মিস্টার জনির সঙ্গে।

জনি অভিভাবক দয়ালের সঙ্গে
জনি অভিভাবক দয়ালের সঙ্গে

জনিকে নিজ ভ্যানে চাপিয়ে কারওয়ান বাজারে নিয়ে এসেছিলেন তার দীর্ঘদিনের সঙ্গী দয়াল। হ্যাঁ, মি. জনি নাটকটি যাঁরা দেখেছেন, তাঁদের কাছে এই ‘দয়াল’ নামটি চেনা চেনা লাগার কথা। কারণ নাটকের মুখ্য একটি চরিত্রের নাম ছিল দয়াল। এতে অভিনয় করেছিলেন মোস্তফা মনোয়ার। বাস্তবের দয়ালের থেকে অনুপ্রাণিত হয়ে নিজেকে নাটকের জন্য সেই ছাঁচেই ঢেলেছিলেন তিনি। আর জনি সগৌরবে নাটকে স্বনামে নিজের চরিত্রটিই নিষ্ঠার সঙ্গে পালন করে গেছে।
নিষ্ঠার সঙ্গে চরিত্র ধারণের কথা বলার বেশ কিছু কারণ আছে। কারণ নাটকের নির্মাতা খোদ রেদওয়ান রনি এই তারকা জনির প্রশংসায় পঞ্চমুখ। তাঁর ভাষায়, তাঁর এ নাটকের তরী তীরে ভিড়িয়েছে

অভিনয়ে মাত করেছে এই জনি। ছবি: সুমন ইউসুফ
অভিনয়ে মাত করেছে এই জনি। ছবি: সুমন ইউসুফ

একমাত্র জনি। কারণ নাটকের ভাগ্য পুরোপুরি নির্ভর করছিল এই সারমেয়র ওপর। তার অভিনয়, অভিব্যক্তি, চলন—একটু এদিক-সেদিক হলেই বিগড়ে যেত সব। কিন্তু জনি তা হতে দেয়নি। মাত্র পাঁচ দিনের শিডিউলের মধ্যেই সে শেষ করেছে কাজ। শিডিউল ফাঁসায়নি, সেটে দেরি করে আসেনি, এমনকি সেটে এসে অযথা কোনো বাড়তি আবদারও করেনি; বরং দারুণ অসুস্থতা নিয়েও পাকা পেশাজীবীর মতো করে গেছে নিজের কাজটা। শুটিং দিনের কথা মনে করে রেদওয়ান রনি বললেন একটা ঘটনা। সেদিন নাকি খুব বৃষ্টি হচ্ছিল। সবাই নিরাপদ ছাউনির নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বৃষ্টি থামার। তখনই জনির সঙ্গে মারামারি হয় শুটিং সেটে থাকা লালু নামের এক কুকুরের। মারামারি মানে, একদম রক্তারক্তি অবস্থা! একসময় জনির পা দিয়ে রক্তও ঝরতে শুরু করে। সে একসময় ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু বৃষ্টি থামলে যখন আবার শুটিং শুরু হয়, তখন দিব্যি জনি দাঁড়িয়ে যায় ক্যামেরার সামনে। একটি নির্মাণাধীন ভবনের নিচে হচ্ছিল শুটিং। ইট-সুড়কির গুঁড়ো পড়ে রাস্তা অমসৃণ হয়েছিল। আহত পা নিয়ে জনির হাঁটতে কষ্টই হচ্ছিল। কিন্তু এরপরও সে নাকি সেদিন মেজাজ দেখায়নি। ঠিকমতো দায়িত্ব পালন করে গেছে।
জনি এমন হৃদয়ছোঁয়া অভিনয় কীভাবে শিখল? কৌতূহলী এ প্রশ্ন নাটকটি দেখার পর থেকে ঘুরপাক খাচ্ছিল মাথায়। নির্মাতা রনি সেই কৌতূহল মেটালেন। বললেন, ‘বেশি দিন সময় লাগেনি। শুটিংয়ের আগে দুই-তিন দিন তার দিকে অনবরত একটা ক্যামেরা তাক করে রাখা হয়েছিল। তাতেই ক্যামেরার সঙ্গে জনির বন্ধুত্ব হয়ে যায়। শুটিংয়ের আগে একদিন অভিনেতা মোস্তফা মনোয়ারকে নিয়ে যাওয়া হয় জনির কাছে। জনি তাঁর সঙ্গেও একদিন কাটায়। শুটিং সেটে জনির ছিল অবাধ বিচরণ। সবাই জনির বন্ধু হয়ে গিয়েছিল। তাই চেনা মানুষদের ভিড়ে জনি তার স্বাভাবিক অভিব্যক্তিই দিয়েছে। তার অভিনয়ে ছিল না কোনো কৃত্রিমতা কিংবা জড়তা।’
তা ছাড়া জনির জন্য শুটিং আরও সহজ হয়ে যাওয়ার কারণ ছিল সত্যিকারের দয়াল। ছয় বছর ধরে মহাখালীর কড়াইল বস্তিতে দয়ালের সঙ্গে আছে জনি। দয়াল যা বলেন, জনি তা-ই করে। তাই তো নাটকের একটি দৃশ্যে যখন বিষ খেয়ে অচেতন হওয়ার অভিনয় করতে হয় জনিকে, তখন কোনো বিশেষ কায়দার সাহায্য নিতে হয়নি নাটকের কুশীলবদের। দয়াল শুধু বলেছেন, ‘জনি ঘুমা।’ ব্যস, শট ‘ওকে’ না হওয়া পর্যন্ত আধবোজা ঘুম ঘুম চোখ নিয়ে হাত-পা ছেড়ে শুয়েছিল জনি। রনি নাকি যখন কাট বলে শট ‘ওকে’ করেছেন, তখনই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছিল এই কুকুর। হ্যাঁ, কিছু কিছু শট অনেকবার এনজি হয়েছে। ২০/২৫/৩০ বার পর্যন্ত নিতে হয়েছে। কিন্তু পুরোদস্তুর শিল্পী না হয়েও এই বোবা প্রাণীর অভিব্যক্তি আর সহযোগিতায় মুগ্ধ মি জনি টিমের সবাই। শুটিংয়ের শেষ দিন জনি যখন সেট থেকে বিদায় নিচ্ছিল, তখন নাকি অনেকেরই আবেগে কয়েক ফোঁটা চোখের পানিও ঝরে ছিল। তাহলে বলুন, এমন শিল্পী তারকাখ্যাতি না পেয়ে কি পারে?
বলে রাখি, মিস্টার জনিকে নিয়ে কিন্তু এরই মধ্যে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে। ইংরেজি দৈনিক ডেইলি স্টার সেই তথ্যচিত্রটি এ বছরের মে মাসে তাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিল। সেখান থেকেই ঈদের ‘ছবিয়াল রি-ইউনিয়ন’ প্রকল্পে উঠে আসে জনি। রনি খোঁজ পায় জনির। তাকে নিয়ে শুরু হয় শুটিং। আর এরপর ঈদের দিন সেই নাটক প্রচার হওয়ার পর জনি হয়ে যায় তারকা। যার প্রমাণ এখন জনির সঙ্গে রাস্তায় বেরোলেই পাওয়া যায়। জনি যেন হয়ে উঠেছে আমাদের দেশের হাচিকো।
শুটিং সেটে িমস্টার জনির কর্মকাণ্ডের িভডিও দেখুন প্রথম আলো অনলাইনে।

জনির প্রোফাইল
নাম: মিস্টার জনি
অভিভাবকের নাম: দয়াল
ঠিকানা: কড়াইল বস্তি
বয়স: ৬ বছর
অভিনয় করেছে: নাটক মিস্টার জনি
পরিচালক: রেদওয়ান রনি
পারিশ্রমিক: ১০ হাজার টাকা
অবসরে যা করে: মালিক দয়ালকে ভ্যানে মাল টানতে সাহায্য করে। দয়ালের অনুপস্থিতিতে ভ্যানগাড়ি পাহারা দেয়। আর শখের বশে অভিনয় করে!