
জনপ্রিয় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের কেন্দ্রীয় চরিত্র জ্যাক স্প্যারো খ্যাত ৫০ বছর বয়সী বিখ্যাত তারকা জনি ডেপ বাস্তবে প্রায় অন্ধ! খবরটা শুনে যেসব ডেপভক্ত বড়সড় একটা ধাক্কা খেয়ে অবিশ্বাসে চোখ কপালে তুলছেন, তাঁদের বলছি—সম্প্রতি এমনটাই উঠে এসেছে ডেপের এক নিজস্ব স্বীকারোক্তিতে। তিনি জানিয়েছেন, একটি চোখে তিনি নাকি প্রায় কিছুই দেখতে পান না এবং সেটি তাঁর ডান চোখ!লোন রেঞ্জার স্টার হিসেবে পরিচিত এই তারকাকে সম্ভবত এ কারণেই চশমা ছাড়া খুব কম দেখা যায়। এমনকি ছবি তোলার সময়ও তাঁর চোখে চশমার উপস্থিতি লক্ষণীয়। তিনি আসলে ছোটবেলা থেকেই বাদুড়ের মতো অন্ধ এবং এর থেকে পুরোপুরি সেরে ওঠা অসম্ভব।তাহলে, তাঁর মতো এত বড় মাপের একজন তারকা অভিনেতা এত চমৎকার অভিনয় কীভাবে করেন? উত্তর মিলেছে এই প্রশ্নেরও। সম্পতি রোলিং স্টোন ম্যাগাজিনকে (জুলাই ইস্যু) তিনি জানিয়েছেন, তাঁর ব্যবহূত সব চশমাই নাকি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া এবং তিনি এগুলোর ওপর অনেকাংশেই নির্ভরশীল। কিন্তু যখন চশমা থাকে না, তখন? তিনি বলেন, ‘সবকিছুই কেমন অস্পষ্ট, খুবই অস্পষ্ট! আমি কোনো দিনই ভালোভাবে দেখতে পাইনি।’আরেকটা ‘কিন্তু’ এখানেও রয়ে যায়। চশমা ছাড়া চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁকে কেমন সমস্যায় পড়তে হয়? জানা গেছে, চশমা পরেননি এমন কোনো চরিত্রে অভিনয় করতে গেলে তিনি নাকি মুখমণ্ডল থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব পর্যন্ত দেখতে পান!সে যা-ই হোক, হলিউডের এই খ্যাতিমান তারকা তাঁর এই ক্ষীণদৃষ্টিজনিত সমস্যা সাফল্যের সঙ্গে মোকাবিলা করে অভিনয়ে জনপ্রিয়তার কোন চূড়ায় পৌঁছে গেছেন, সেটা তো পরিসংখ্যানই বলে দেয়। তিনি জিতেছেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ ৪৯টি পুরস্কার। নিকট ভবিষ্যতে মুক্তি পেতে যাচ্ছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফাইভ, ট্রান্সিডেন্স, ইনটু দি উডস ছবিগুলো। পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও তিনি সমান সফল। বর্তমানে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা শোনা যায়। অভিনেত্রী এমা ওয়াটসনের প্রিয় নায়ক তিনি। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে লিলি রোজের বয়স ১৪ এবং ছেলে জ্যাকের ১১ বছর।
এত সাফল্য যখন তাঁর হাতের মুঠোয়, তখন সাফল্যের চূড়ায় উঠেও প্রতিদিনই নাকি অবসরে যাওয়ার কথা ভাবেন তিনি। এ কথা শুনে এখনই নিরাশ হবেন না বন্ধু! কারণ, ভক্তদের এত তাড়াতাড়ি বঞ্চিত করতে চান না তিনি, স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, নিকট ভবিষ্যতে অবসরে যাওয়ার ইচ্ছে নেই তাঁর।
ইন্টারনেট অবলম্বনে