জনের দিকে তাকাতে পারছিলাম না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: অপর্ণা ঘোষ। অভিনয়শিল্পী। ভালোবাসা দিবসে আজ বাংলাভিশনে প্রচারিত হবে ‘ক্লোজআপ কাছে আসার গল্প-২’-এর আওতায় নির্মিত নাটক অতঃপর...। শাফায়েত মনসুর রানা পরিচালত এ নাটকে অভিনয় করেছেন অপর্ণা। নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ

অপর্ণা ঘোষ।
অপর্ণা ঘোষ।

অতঃপরের গল্প...
ভালোবাসা দিবসের এ নাটকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। চরিত্রের নাম সারা। এক খ্রিষ্টান ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব ও প্রেম নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি।

অতঃপর তাঁকে পেলাম, তারপর...

অতঃপর...-এ আমার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী জন। তিনি আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে ছিলেন। আমি যখন উচ্চমাধ্যমিকে পড়ি, তখন তো ব্ল্যাকের মহা ক্রেজ। মনে আছে, সে সময় চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কনসার্ট করেছিল ব্ল্যাক। সেখানে আমি ছিলাম দর্শক। তখন থেকেই আমি জনের মহাভক্ত, তাঁর জন্য ফিদা। সেই জনের বিপরীতে অভিনয় করেছি—এখনো এটি মনে হচ্ছে স্বপ্নই!

ফটো শুট...

শুটিংয়ের সময় ইউনিলিভার বাংলাদেশ আমাদের দুজনের ফটো শুটের আয়োজন করেছিল। আমি তখন খুব নার্ভাস ছিলাম, জনের দিকে তাকাতে পারছিলাম না।

‘ভার্চুয়াল লাভ’...

অতঃপর... ছাড়াও আজ ভার্চুয়াল লাভ নামে চ্যানেল নাইনে আমার আরেকটি নাটক প্রচারিত হবে। ফেসবুকের পরিচয় থেকে প্রেম—নাটকের গল্পটি এমনই।

প্রেম এসেছিল...

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় না-আসার মতো করে একবার প্রেম এসেছিল জীবনে। দু-তিন বছর স্থায়ী ছিল সেই সম্পর্ক। তবে বসন্তবরণ বা কোনো ভালোবাসা দিবসই একসঙ্গে উদ্যাপন করতে পারিনি আমরা। কারণ, আমরা দুজন তখন দুই দেশে বাস করতাম।