মুখ খুলেছেন বিপাশা বসু। যদিও সাবেক প্রেমিক জন এব্রাহামকে নিয়ে কটু মন্তব্য করতে রাজি নন তিনি। শুধু তাঁদের বিচ্ছেদ নিয়ে বিপাশা বলেছেন, ‘সম্পর্কটা আমরা জোর করে টেনে নিয়ে যেতে চাইনি। তৃতীয় পক্ষ আমাদের ভালোবাসার চেয়েও শক্তিশালী ছিল। সুতরাং, ভালোবাসার হার নিশ্চিত। এটা নিয়ে আমার অবশ্য শুরুতে দুঃখবোধ ছিল। এখন আর আফসোস নেই। জীবনটাই বুঝি এমন!’ বিপাশার বক্তব্যের মধ্যে ‘তৃতীয় পক্ষ’ শব্দ দুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হাইলাইট করছেন সাংবাদিকেরা। অনাকাঙ্ক্ষিত এই তৃতীয় পক্ষ কি বিপাশার বন্ধু রানা ডগগুবতি, নাকি জনের ব্যাংকার বন্ধু প্রিয়া? প্রিয়ার দিকেই অবশ্য তিরটি তাক করছেন সবাই। কারণ, বিপাশা-জন বিচ্ছেদের পর প্রিয়া-জনকেই এখানে-সেখানে প্রেমের নাগরদোলায় চড়তে দেখা গেছে। আজ রেস্তোরাঁয় মোমের আলোয় নৈশভোজ তো কাল বিমানবন্দরে হাত ধরে দিন থেকে রাত—অবিরাম মেলামেশা চলছেই। স্বভাবতই জনকে বিশ্বাসঘাতক উপাধি দিতেও কার্পণ্য করছেন না বিপাশাভক্তরা। বিপাশা নাকি জনকে বিয়ে করার জন্য চাপ দিয়েছিলেন। কিন্তু জনের উড়ু উড়ু মন বিপাশাকে বিয়ে করার জন্য সায় দেয়নি। ফলাফল—বিচ্ছেদ! কিন্তু এখন প্রিয়াকে বিয়ে করার জন্য জন কেন উদ্যোগী হয়েছেন, তা-ও বিস্ময়কর! আকাশে-বাতাসে এমন গুজবও ভেসে বেড়াচ্ছে, দুজন নাকি এরই মধ্যে গাঁটছড়া বেঁধেছেন। বিয়ে করে হয়েছেন অমর সঙ্গী। অবশ্য জনের দাবি, ‘বিয়ে করিনি। তবে করব। খুব শিগগির।’ কিন্তু কাকে? ‘থাক না একটু রহস্য! সময় হলেই সব জানতে পারবেন।’প্রায় নয় বছরের ক্যারিয়ারে জনের হাতে হিট কিংবা আলোচিত ছবির সংখ্যা হাতেগোনা যাবে—জিসম, ওয়াটার, ধুম, গরম মসলা, জিন্দা, ট্যাক্সি নং ৯২১১, কাবুল এক্সপ্রেস, দোস্তানা, নিউইয়র্ক, ফোর্স। মাঝে অনেক দিন ছবি হিট হয়নি। ধূসর যাত্রাটা আরও গভীর হতো, যদি না গত বছর ফোর্স মুক্তি পেত। ফোর্স-এর পর অনেকেই অনুভব করেছেন, নাহ! জনও অভিনয় জানেন। জন অবশ্য এত বড় সমালোচনা নিতে নারাজ। তাঁর ভাষ্য, ‘আমার অভিনীত ওয়াটার ছবিটি কিন্তু ছয়-সাত বছর আগেই অস্কারে মনোনীত হয়েছিল। আর ভুলে যাবেন না, ধুম ব্র্যান্ডের প্রথম পর্বের ভিলেন কিন্তু আমিই। আমি ওই ছবিতে ব্যর্থ হলে হয়তো আর কোনো ধুমই নির্মিত হতো না পরবর্তী সময়ে।’ধুম-এর পরবর্তী পর্বগুলোতে জন অভিনয় করতে না পারলেও করন জোহর প্রডাকশনের দোস্তানা ২-এ অভিনয় করতে যাচ্ছেন জন। বিপরীতে ক্যাটরিনা কাইফ। এ ছাড়া সাজিদ খানের হাউসফুল ২ (জ্যাকলিন), আব্বাস মাস্তানের রেস ২ (দীপিকা)-এ সম্পৃক্ত হয়েছেন জন। আগামী সপ্তাহে মুক্তি প্রতীক্ষিত হাউসফুল ২ সুপারহিট হবে—বিশ্বাস জন এব্রাহামের। এ ছাড়া জনের হাতে আছে সঞ্জয় গুপ্ত-একতা কাপুরের শুটআউট অ্যাট ওয়াদালা (কঙ্গনা), কপিল শর্মার আই মি ঔর ম্যায় (চিত্রাঙ্গদা, প্রাচী দেশাই)। চলচ্চিত্রের ক্যারিয়ারে দ্যুতি ছড়ানোর জন্য জন এবার প্রযোজক হিসেবেও নিজের নাম লিখিয়েছেন। আগামী মাসেই মুক্তি পাবে জন প্রযোজিত প্রথম ছবি ভিকি ডোনার। স্পার্ম ডোনেশনের ওপর দর্শককে উদ্বুদ্ধ করার জন্যই জনের এই প্রচেষ্টা। ছবিতে অভিনয়ের লোভও সামলিয়েছেন জন। কাজ করিয়েছেন নতুন অভিনেতা আয়ুষ্মান খুরানা, ইয়ামি গৌতমকে দিয়ে। যদিও ছবির বিক্রিবাট্টা বাড়ানোর জন্য একটি আইটেম গানে কাজ করেছেন জন। সঙ্গে নায়ক-নায়িকাকে নিতে ভোলেননি তিনি। ভিকি ডোনার ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে জন ঘোষণা দিয়েছেন, ‘স্পার্ম ডোনেশন ব্যাপারটি এখনো অনেকের জন্য বেশ স্পর্শকাতর। কিন্তু কোনো মহৎ উদ্দেশ্যই অন্য কোনো বিষয়ের চেয়ে বড় হতে পারে না। আমি পণ করছি, অসহায় দম্পতিরা সব সময় আমাকে তাঁদের পাশে পাবে এবং আমি আমার ভক্তদেরও বলব কুসংস্কার ভুলে একটু “আউট অব দ্য বক্স” চিন্তা করতে।’ ইনফার্টিলিটি এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ওপর নির্মিত ভিকি ডোনার ছবিটি কান চলচ্চিত্র উৎসবেও এবার আমন্ত্রিত হয়েছে।রুম্মান রশীদ খান[রেডিফ, ফিল্মফেয়ার, বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ডট কম অবলম্বনে]