জন্ম আমার ধন্য হলো মা গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গান আর সাবিনা ইয়াসমীন—এক সুতোয় বোনা। তাঁর কণ্ঠে আমরা পেয়েছি চিরসবুজ অসংখ্য দেশের গান। সাবিনা ইয়াসমীনের গাওয়া শ্রোতাপ্রিয় তেমনই কিছু দেশের গান নিয়ে এই প্রতিবেদন।তাঁর গাওয়া শ্রোতাপ্রিয় চলচ্চিত্রের গান এবং আধুনিক গানের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। ‘দেশের গান’ও গেয়েছেন অসংখ্য। এ প্রসঙ্গ উঠতেই গুণী শিল্পী সাবিনা ইয়াসমীন বলেন, ‘প্রথমে বলব, আমার সৌভাগ্য আমি বেশ কিছু শ্রুতিমধুর দেশের গান গাওয়ার সুযোগ পেয়েছি। আর দ্বিতীয় যে কথাটি বলতে চাই, সেটি আমার কথা নয়। অনেকেই আমাকে বলেন, আপনি এত দেশের গান গেয়েছেন যে মুক্তিযোদ্ধার তালিকায় তো আপনার নাম থাকা উচিত।’এ পর্যন্ত কতগুলো দেশের গান গেয়েছেন? ‘ঠিক করে বলা মুশকিল। ৩৫-৪০টা তো হবেই।’ যদি বলি, সেই তালিকা থেকে শ্রোতাপ্রিয় পছন্দের ১০টি গান বেছে নিতে?‘এটাও নির্ধারণ করা কঠিন। সবই তো আমার গাওয়া গান।’আমি একটু সহযোগিতা করতে পারি? ‘সে তো পারোই।’১. ‘জন্ম আমার ধন্য হলো মা গো’।‘খুবই হূদয়ছোঁয়া একটি গান। স্বাধীনতার আগে, সম্ভবত ১৯৬৯-৭০ সালে এই গানটি করাচির একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল। গানটি লিখেছেন নঈম গওহর। সুর করেছেন আজাদ রহমান। গানটি আমি গাই নজরুলসংগীত-শিল্পী ফিরোজা বেগমের সঙ্গে। অনেক পরে একটি ছবিতে গানটি আমি একক কণ্ঠে গাই। ছবির নামটি মনে করতে পারছি না। গানটি সম্পর্কে আরও ভালো বলতে পারবেন সুরকার আজাদ রহমান।’(মুঠোফোনে আজাদ রহমানের সঙ্গে কথা হয়। তিনি কিছু নতুন তথ্য দেন। বলেন, ‘করাচির ট্রান্সক্রিপশন সার্ভিসে এই গানটি রেকর্ড করি। এ গানে ফিরোজা বেগমের সঙ্গে সাবিনা তো ছিলই, আরও বেশ কজন সহশিল্পীও এ গানের কোরাসে অংশ নিয়েছিলেন। এ মুহূর্তে জিনাত রেহানা, নাসির হায়দার, আহমেদুল্লাহ সিদ্দিকী, আসাদুল হক, লায়লা মোজাম্মেলের নাম মনে পড়ছে। আসলে ওই সময় এইচএমভি থেকে দুটো গানের একটি রেকর্ড বের হয়। যেখানে প্রথম গানটি ছিল সমবেত কণ্ঠে গাওয়া “পুবের ওই আকাশে সূর্য উঠেছে আলোকে আলোকময়”। তার সঙ্গে “জন্ম আমার ধন্য হলো মা গো” গানটি সংযোজিত হয়। এই গান পরবর্তী সময়ে কাজী হায়াতের দেশপ্রেমিক ছবিতে ব্যবহার করা হয় সাবিনার কণ্ঠে।’)২. এরপর ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হূদয় আমার যায় জুড়িয়ে’ গানটির কথা আসতে পারে না?‘হ্যাঁ। এটাও সুন্দর গান। আলাউদ্দিন আলীর সুর করা। গানটির কথা লিখেছেন আবুল ওমরাও মো. ফখরুদ্দিন। যতদূর জেনেছি, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধের নয় মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দীর্ঘ সময় নিয়ে গানটি লিখেছিলেন তিনি। এ গানটি ১৯৭২ সালে করা। প্রথম গানটি রেকর্ড করা হয় ডিআইটি টিভি ভবনে। মূলত মুক্তিযুদ্ধভিত্তিক একটা ছবির জন্য গানটি আমি গেয়েছিলাম। ছবির নাম এক ঝাঁক বলাকা। সংগীত পরিচালক হিসেবে আলাউদ্দিন আলীর এটি প্রথম ছবি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি হয়নি। পরে দ্বিতীয় দফায় গানটি আবার রেকর্ড করি বিটিভির জন্য।’৩. আপনার ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটিও তো অসম্ভব শ্রোতাপ্রিয় একটি গান। ‘এই গানটি ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য করা। সম্ভবত ১৯৭৪-৭৫ সালে। গানটি সুর করেছেন অজিত রায়, আর লিখেছেন প্রয়াত নজরুল ইসলাম বাবু। যিনি আমার গাওয়া আরও কিছু দেশের গান লিখেছিলেন। এই গানটি প্রথম রেডিওর জন্য করলেও অনেক বছর পর বিটিভির জন্য নতুন করে রেকর্ড করি। এবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে এই গানটির অস্থায়ীটুকু গয়েছিলাম।’৪. ‘তবে আমি সবচেয়ে বেশি দেশের গান গেয়েছি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে। “ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে” গানটির কথা। বিশেষভাবে বলব এ কারণে যে, যখন গানটি রেকর্ড করি, তখন শ্রাবণ (ছেলে) আমার পেটে। দু-এক মাসের মধ্যেই আমার ডেলিভারি। এ গানটি লিখেছিলেন প্রয়াত এস এম হেদায়েত। তবে এ গানগুলোর প্রেক্ষাপট বেশি ভালো বলতে পারবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।’(এরপর মুঠোফোনে কথা হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে। সাবিনা ইয়াসমীনের গাওয়া দেশের গানগুলোর প্রসঙ্গ তুলতেই তিনি বললেন, ‘একসময় আমি টানা আট বছর শুধু দেশের গানই করেছি, অন্য কোনো গান নয়।’ পরের গানগুলো নিয়ে মূলত তিনিই কথা বলেছেন।)৫. ‘সব কটা জানালা খুলে দাও না’—গানটির প্রসঙ্গ টেনে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘গানটি লিখেছেন প্রয়াত নজরুল ইসলাম বাবু। গানটি করেছিলাম ১৯৮২ সালের দিকে ২৬ মার্চ বিটিভির বিশেষ অনুষ্ঠানের জন্য। ইপসা রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করেছিলাম। রেকর্ডিস্ট ছিলেন শাফায়াত আলী খান। গিটার বাজিয়েছিল টিপু এবং প্রয়াত শেখ ইশতিয়াক। তবলায় দেবু ভট্টাচার্য। পারকেশনে ইমতিয়াজ। আর ভায়াব্রোফোন বাজিয়েছিল মানাম আহমেদ। আমি কি-বোর্ড আর বেজ গিটার বাজিয়েছিলাম। গানটি টানা আট-নয় বছর বিটিভির খবরের আগে ও পরে বাজানো হয়েছে।’৬. ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গানটি লেখা এবং সুরও আহমেদ ইমতিয়াজ বুলবুলের। ‘আমি দেশটাকে এই রূপে দেখতে ভালোবাসি। আমি একজন মুক্তিযোদ্ধা। চোখের সামনে আমার সহযোদ্ধা অনেকের মৃত্যু আমি দেখেছি। এ গানের একটা লাইন আছে “প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত”। এ লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৯৮৩ সালে বিটিভির বিজয় দিবস অনুষ্ঠানের জন্য গানটি করেছিলাম।’ বললেন তিনি।৭. ‘সেই রেললাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে’—‘যুদ্ধের পর এমন অনেক মাকে দেখেছি দিনের পর দিন সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে। সেই ভাব থেকেই মোহাম্মদ রফিকুজ্জামান গানটা লিখেছেন। সম্ভবত ১৯৮৫ সালে বিটিভির বিশেষ সংগীতানুষ্ঠানের জন্য গানটি তৈরি করা।’৮. ‘মা গো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না’—‘গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। একদিন গাজী ভাইকে বললাম, আমাকে কিছু দেশের গান লিখে দিন। তিনি বললেন, তুমি নিজেই তো ভালো গান লেখো। ঠিক আছে, আমি লিখে দেব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। এরপর এ গানটা পাই।’৯. ‘একতারা লাগে না আমার দোতারাও লাগে না’—‘গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির। এ গানটিও আশির দশকের কোনো একসময় বিটিভির জন্য করা। ওই সময় আরও কিছু গান করি।’১০. ‘আমার লেখা ও সুর করা “উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ঘুরে এক ব্রহ্মচারী থমকে দাঁড়াল”, প্রয়াত নজরুল ইসলাম বাবুর লেখা “ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি”, গাজী মাজহারুল আনোয়ারের লেখা “আমার বাজান গেল কই বাজার থিকা আনতে গিয়া চিঁড়া মুড়ি খই”।’এ ছাড়া সাবিনা ইয়াসমীনের গাওয়া আমার সুর করা অন্যান্য দেশের গানের মধ্যে রয়েছে প্রয়াত নজরুল ইসলাম বাবুর লেখা ‘এই দেশটা আমার স্বপ্নে বোনা নকশিকাঁথার মাঠ’, ‘যুদ্ধ এখনো থামেনি, তাই তো তোমার ছেলে আসেনি’, আমার লেখা ‘আয় আয় আয় রে মা আয় রে’, ‘এই দেশ আমার সুন্দরী রাজকন্যা’।দেশের গান প্রসঙ্গে আবারও কথা হয় সাবিনা ইয়াসমীনের সঙ্গে। তিনি বলেন, ‘একটি গানের কথা না বললেই নয়, ১৯৭৫-৭৬ সালে বাংলাদেশ বেতারে গাওয়া “যদি মরণের পরে কেউ প্রশ্ন করে” গানটি। এটি মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা। সুর করেছেন খন্দকার নূরুল আলম। এ ছাড়া ১৯৮০-৮১ সালের দিকে বিটিভির স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের কথা এবং আলাউদ্দিন আলীর সুরে মোট আটটি গান গেয়েছিলাম।’