এই এক সমস্যা, সন্ধ্যা সাতটার আগে মহড়া শুরু করার কোনো উপায় নেই। নাটকসংশ্লিষ্ট প্রায় সবাইকে তো কিছু করে খেতে হয়। সুতরাং ‘বনের মোষ’ তাড়ানোর জন্য সময় বের করা সোজা কথা নয়। সেদিন বেইলি রোডে থিয়েটারের নিজস্ব মহড়াকক্ষে গাজী রাকায়েত ‘মোষ’ তাড়াতে আসার আগেই থিয়েটার আরামবাগের সদস্যরা নতুন নাটকটি করার সময় মঞ্চে কখন কী থাকবে না-থাকবে তা নিয়ে আলোচনা করেছিলেন। কোন দৃশ্যে একটি টুল থাকবে এবং কোন দৃশ্যে থাকবে দুটি টুল, তা বুঝিয়ে দিচ্ছিলেন একজন। তিনি বলছিলেন চতুর্থ দৃশ্যের কথা।‘৪ নম্বর দৃশ্যে টুল সরছে না, ৫ নম্বর দৃশ্যে টুল সরবে কি না, তা এখনো ঠিক হয়নি। ৬ নম্বর দৃশ্যে এসে টুল দুটি সরে যাবে। টুল দুটি সরিয়ে নেবে সালাম আর শাকিল। ওরা ব্ল্যাঙ্ক হয়ে গেলে ওদের মনে করিয়ে দিতে হবে।’এরপর প্রতিটি দৃশ্যে টুল থাকবে কি থাকবে না, তা নিয়ে নির্দেশনা দেওয়া হলো। যাঁরা নতুন মঞ্চে উঠছেন, তাঁদের জন্যও নির্দেশনা থাকে, ‘মঞ্চে চলাফেরার নিয়ম আছে। কখনো কখনো মঞ্চে আলো থাকে না। তখন অঙ্ক থাকবে মাথায়। উইংস থেকে কতটা দূরে, তা হিসাব করে নিতে হবে। সেভাবে পা ফেলতে হবে।’এই কথার মধ্যেই আফরোজা বানু এলেন। সবাই দাঁড়িয়ে গেলেন। একটুক্ষণের জন্য কথা থেমে গেল। আমরা দেখলাম সকাল-সন্ধ্যা নাটকের সীমুকে। দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি সে সময়। এ সময় ঠিক হলো, সেটের জিনিসপত্র কীভাবে সরানো হবে, তার একটি ফর্দ করে তিনটি কপি করে রাখতে হবে।নাটকটির নাম জন্মসূত্র। দুই অংশে বিভক্ত নাটকটির মহড়া শুরু হতেই বোঝা গেল, দলটির সদস্যরা যথেষ্ট পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন। প্রথম অংশের কাহিনি ব্রিটিশ আমলের। দ্বিতীয়টি হাল আমলের। নাটকের স্পেস ডিজাইন করা হয়েছে এমন করে যে মঞ্চের দুই দিকে বসবে দর্শক। তারা দেখবে একটি স্টিমার ঘাটে ঘটতে থাকা কিছু ঘটনা। যিনি বছরের পর বছর কোনো এক আশায় জীবন পার করছেন এই ঘাটে, তিনিই একদিন পরিচিত হন এক রহস্যময় মানুষের সঙ্গে। যে বলেন, স্টিমার উজানে যাওয়ার আগেই নেমে পড়েছেন এই ঘাটে। নাম সুকান্ত জামাল। তাঁদের কথোপকথনের পরপরই পুলিশের এক কর্তা আসেন তাঁর স্ত্রীকে নিয়ে। এই মেয়েটিকে দেখে ঘাটের মানুষটির মনে কার যেন চেহারা ভেসে ওঠে। তিনি মনে করতে পারেন না। পুলিশের কর্তার হাতে আছে পিস্তল, তাতে নেই গুলি। তাঁর স্ত্রী কাঁদছে। এই জনমানবহীন জায়গায় স্টিমার নেই। মাঝি নেই, যে পার করে দিতে পারে নদী। অভিনয় জমে ওঠে। বউকে ঘাটে একলা রেখে পুলিশ যান মানুষের খোঁজে। এ সময় সেখানে হাজির হয় সেই রহস্যময় মানুষ। বোঝা যায়, লোকটির স্বভাব ভালো নয়। ফরিদা নামের মেয়েটিকে সে বলে, ‘এই হাত বাড়াইয়া দিলাম, আপনার ওই সুন্দর হাতটা আমার হাতের ওপর রাখেন।’পুলিশ কর্তা (সাখাওয়াত দারোগা) তখন ফিরে আসেন। পিস্তলটি ধরেন সুকান্ত জামালের মাথায়। (এখন অবশ্য পিস্তলের জায়গায় একটি বোতল দিয়ে অভিনয় হচ্ছে) ভয় পায় এই রহস্যময় মানুষ। পালায় এখান থেকে। মহড়া মন কেড়ে নেয়। এরপর কী হবে, তা নিয়ে ঔৎসুক্য বাড়তে থাকে। গাজী রাকায়েত পাশ থেকে ফিসফিস করে বলেন, একটু আগে নদী পার হয়েছে যে নৌকাটা, তাতে ছিল এক মহিলার লাশ। এই মহিলাই ফরিদার মা। আর ঘাটে থাকা এই লোকটিকেই ভালো বেসেছিল ফরিদার মা। ফরিদাকে মায়ের মৃত্যুর খবর জানায় না লোকটা। এখনো বলে না, এই মহিলার অপেক্ষায়ই ঘাটে কেটে গেছে তার বছরের পর বছর। এ পর্যায়ে একটি সংলাপ মনে গেঁথে যায়, ‘ভালোবাসার কোনো জাত নাই। মানুষের মধ্যে ভেদাভেদ কমানোর জন্যই এই পৃথিবীতে ভালোবাসার জন্ম হইছে।’পরের অংশটি দেখার লোভ সামলাতে হয়। গাজী রাকায়েত বলতে থাকেন, বহু বছর ধরে প্রবাসী এক লোক দেশে আসেন তাঁর পিতৃপরিচয়ের সন্ধানে। একই নামে তিনটি গ্রাম আছে, তার কোনটিতে ছিল তাঁর পূর্বপুরুষ, তিনি জানেন না। একসময় জানতে পারেন। সেই গ্রামে একজন মুসলিম ও অন্য একজন হিন্দু সম্প্রদায়ের লোক নিজেকে তাঁর বাবা বলে পরিচয় দেয়। এই নিয়েই চলতে থাকে কাহিনি। অভিনয়ে মুনশিয়ানা চোখ কাড়ে। রাকায়েত যে নাটকটির পেছনে খেটেছেন, তা বোঝা যায়। এটি থিয়েটারের ৩৪তম প্রযোজনা। গাজী রাকায়েত এই প্রথম মঞ্চে মৌলিক নাটকে নির্দেশনা দিলেন, এর আগেরগুলো ছিল রূপান্তর নাটক। ঈদের পরে কোনো একসময় নাটকটি আসবে মঞ্চে। তার আগে প্রতিদিনই আরও নিখুঁত করার চেষ্টা চলছে। আমরা যখন ফিরে আসছি, তখন গান ভেসে আসছে মহড়াকক্ষ থেকে, ‘জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো...’।