জন্মদিন উপলক্ষে সংবর্ধনা
‘অভিনেতা, নাট্য নির্দেশক ও সংগঠক আতাউর রহমান তাঁর জন্মের ৭০তম আবর্তন পূর্ণ করেছেন। আজ আমরা বাংলা নাট্যের এই মঞ্চসারথির জন্মবার্ষিকী উদ্যাপন করব।’ বললেন নাসির উদ্দীন ইউসুফ। আতাউর রহমানের ৭০তম জন্মদিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা সাতটায় জন্মদিবস উপলক্ষে আতাউর রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। নাসির উদ্দীন ইউসুফ জানান, আতাউর রহমানের জন্মদিন উপলক্ষে সৈয়দ শামসুল হক রচনা করেছেন একটি অভিজ্ঞানপত্র। এটি পাঠ করবেন সারা যাকের। আতাউর রহমানের জন্য থাকবে একটি তৈলচিত্র, তাম্রপত্র এবং আরও নানা উপহার। অনুষ্ঠানে গান করবেন মিতা হক ও ফাহিম হোসেন চৌধুরী। থাকবে আবৃত্তিসহ আরও অনেক কিছু।নাসির উদ্দীন ইউসুফ জানান, আতাউর রহমান নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এ পর্যন্ত ১২০০ রজনী মঞ্চে অভিনয়, ৩০টি নাটকের নির্দেশনাসহ বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি একুশে পদক ও মুনীর চৌধুরী পদক পেয়েছেন।