
তিনি নেই, তবে তাঁর ৭৫তম জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো তাঁকে। তিনি দেশের বিশিষ্ট সংগীতজ্ঞ অজিত রায়। গণসংগীত ও রবীন্দ্রসংগীতে তিনি রেখেছেন বিশেষ অবদান। সুরারোপ করেছেন অনেক জনপ্রিয় গান ও বহু বিখ্যাত কবিতায়। মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পালন করেছেন কণ্ঠসৈনিকের ভূমিকা।
গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অজিত রায়ের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিল তাঁর হাতে গড়া সংগীত সংগঠন অভ্যুদয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অজিত রায়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। পরে সংগীতানুষ্ঠান। এতে ছিল রবীন্দ্র ও নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, অজিত রায়ের সুর করা গান ও নৃত্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আলোচনা করেন তিমির নন্দী, রোকাইয়া হাসিনা, আশরাফুল আলম ও বাইতুন নাহার। বাবার স্মৃতিচারণা করেন শ্রেয়সী রায়। আলোচনা শেষে শিল্পী রোকাইয়া হাসিনাকে অভ্যুদয় ঢাকা শাখার নতুন পরিচালক হিসেবে বরণ করে নেওয়া হয়।
গানের পর্ব শুরু হয়েছিল অভ্যুদয়ের ঢাকা ও চট্টগ্রাম শাখার শিল্পীদের সমবেত কণ্ঠে ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটি দিয়ে। এরপর তাঁরা পরিবেশন করেন অজিত রায়ের সুর করা দুটি গান ‘আজি সপ্ত সাগর ওঠে’ এবং ‘আয় আয় রে সবাই আয় ছুটে’। রোকাইয়া হাসিনা পরিবেশন করেন ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’। ‘বাগিচায় বুলবুলি তুই’ গেয়ে শোনান বুলবুল মহলানবিশ। ‘তোমাকেই দেখি’ গেয়ে শোনান শ্রেয়সী রায়। আগুনের পরশমণি’ গেয়েছেন মহাদেব ঘোষ। অনুষ্ঠানে তিমির নন্দী, তপন মাহমুদসহ অনেকে একক কণ্ঠের গানে অংশ নেন।
কবিতাসন্ধ্যা
শিল্প ও সাহিত্যের মাসিক কাগজ নতুনধারা গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে কবিতাসন্ধ্যার আয়োজন করে। এতে কবিতা পাঠ করেন কবি আল মাহমুদ, বেলাল চৌধুরী, কামাল চৌধুরী, জাহিদ হায়দার, কাজল শাহনেওয়াজ, বিশ্বজিৎ চৌধুরী, চঞ্চল আশরাফ প্রমুখ। সঞ্চালনা করেন ফরিদ কবির ও লায়লা আফরোজ।
কবি উৎসব ও কবিতা পুরস্কার প্রদান
‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে কবিদের সংগঠন কবি সংসদ বাংলাদেশ গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কবি উৎসব ও কবিতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের কবিরা অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে কবি বেলাল চৌধুরী, হেলাল হাফিজ, কামাল চৌধুরী, নাসির আহমেদ ও আসলাম সানীকে কবিতা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, পরিকল্পনাসচিব হেদায়েতুল্লাহ্ আল মামুন ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজু আলীম।