জন্মদিনে অসুস্থ হয়ে পড়লেন কবি আল মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি আল মাহমুদ
কবি আল মাহমুদ

গতকাল ১১ জুলাই ছিল কবি আল মাহমুদের ৮০তম জন্মদিন। সকালে শুভেচ্ছা জানাতে বাসায় গিয়ে জানা গেল তাঁর অসুস্থতার খবর। জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি রেডিওর সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে বের হওয়ার সময় গাড়িতে জ্ঞান হারান তিনি। বড় মগবাজারে তাঁর বাসার প্রহরী জানান, লিফটে নামার সময়ই সামান্য বমি করেছেন।
বাসার কাছেই আদ-দ্বীন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে গ্যাসের ওষুধ ও স্যালাইন দেন। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের চিকিৎসক এ এইচ এম খায়রুল ইমাম জানান, কবির পেটে সামান্য ব্যথা ছিল। বয়সজনিত নানা সমস্যাও ছিল। বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। তাঁর এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন। দু-তিন ঘণ্টা পর বলা যাবে তাঁকে বাসায় নাকি নিবিড় পর্যবেক্ষণে নিতে হবে।
স্যালাইন চলাকালে আল মাহমুদ বেশ শক্ত ছিলেন। সকালে কী খেয়েছেন জানতে চাইলে বলেন, ‘একটু খেজুর খেয়েছি। হাসপাতালে কাউকে আসতে নিষেধ করেন।’
কবির পুত্রবধূ শামীমা মাহমুদ বলেন, ‘সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছেন তিনি। সকালে ভালো করে নাশতা করেননি বলেই এই অবস্থা।’ হাসপাতালে সে সময় উপস্থিত ছিলেন কবির বড় ছেলে মীর শরীফ মাহমুদ, নাতি আদিল ও কবির ঘনিষ্ঠ অনুরাগীদের বেশ কজন।
কবির শারীরিক অবস্থা দেখে বেশ কিছু পরীক্ষা ও এক্স-রে করার পরামর্শ দেন চিকিৎসকেরা।
কবির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গতকাল বিকেলে প্রেসক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেন কবির গুণগ্রাহীরা। কবির অনুপস্থিতিতে সেই অনুষ্ঠানে আল মাহমুদের পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন কবি আসাদ চৌধুরী। উপস্থিত ছিলেন কবির ভক্ত ও অনুরাগীরা।