জন্মদিনে আজম খান ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আজম খানের ৬৩তম জন্মদিন। বাংলা পপ গানের এই বরেণ্য ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যাত্রা শুরু করছে আজম খান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি গঠনের ব্যাপারে উদ্যোগ নিয়েছে আজম খানের পরিবার। তাঁর মেয়ে ইমা খান বলেন, ‘বাবা মানুষকে সহযোগিতা করার মধ্য দিয়ে আনন্দ পেতেন। তাঁর অবর্তমানে তাঁর বিভিন্ন অ্যালবাম এবং মুঠোফোন প্রতিষ্ঠানের রিংটোনসহ অন্যান্য সেবা থেকে পাওয়া অর্থের একটা অংশ ব্যয় করা হবে এই ফাউন্ডেশনের কাজে। সমাজের দুস্থ শিল্পী, যাঁরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাঁদের এই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করা হবে।’ আজম খানের জন্মদিনের কর্মসূচি প্রসঙ্গে ইমা বলেন, ‘আজ দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নটর ডেম কলেজের সামনে থেকে আজম খান ফাউন্ডেশনের ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হবে। ওই দিন বিকেলে আজম খান ফাউন্ডেশনের উদ্বোধন হবে।’বছর খানেক ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ৬১ বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আজম খান।