জন্মদিনে আদালতে থাকবেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ডিসেম্বর বলিউডের অভিনেতা সালমান খানের জন্মদিন। কিন্তু এই ৪৭তম জন্মদিনটা সম্ভবত ঘটা করে উদযাপন করা সম্ভব হবে না তাঁর। কারণ, ওই দিন সালমানকে মুম্বাই আদালতে হাজির হতে তলব করা হয়েছে। ২০০২ সালে গাড়িচাপা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছিল সালমানের বিরুদ্ধে। সেই দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছিল। এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ ডিসেম্বর। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।এ প্রসঙ্গে সালমান বলেন, ‘২৭ ডিসেম্বর জন্মদিন উদযাপনের কোনো পরিকল্পনা আমার নেই। আমি ঠিক জানি না সেদিন আমি কী করব। যত দূর মনে হচ্ছে, এবারের জন্মদিনে আদালতে থাকতে হবে আমাকে।’সালমান আরও বলেন, ‘আমাকে সশরীরে আদালতে হাজির হতে হবে কি না তা এখনো নিশ্চিত নই। আইনজীবীরা যদি বলেন আদালতে যাওয়ার প্রয়োজন নেই, তাহলে যাব না। আর যদি যেতে বলেন, তাহলে অবশ্যই আমি আদালতে হাজির হব।’এদিকে, ১৯৯৮ সালে দায়ের করা চিংকারা শিকার মামলায় হাজিরা দিতে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি যোধপুর আদালতে হাজির থাকতে বলা হয়েছে সালমানকে। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে রাজস্থানের ভাওয়াড় গ্রামে দুটি চিংকারা হত্যার দায়ে ১৯৯৮ সালে মামলা হয়েছিল সালমানের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের কারাদণ্ডও হয় তাঁর। অবশ্য যোধপুর কেন্দ্রীয় কারাগারে তিন রাত আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে যান সালমান। চিংকারা শিকার মামলায় সালমানের সঙ্গে সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধেও সমন জারি করেছেন যোধপুর আদালত।