জন্মদিনে আবিদের গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২৯ জুলাই কক্সবাজারে, সমুদ্রে ডুবে অকালে প্রাণ হারান ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী মিনা আবিদ শাহরিয়ার। ১৮ জুলাই অকাল প্রয়াত এই সংগীতশিল্পীর ২৬তম জন্মদিন। দিনটি উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন মঞ্চে আবিদের গাওয়া গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামটির নাম ‘হে বন্ধু হে প্রিয়’। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধান করেছেন আবিদের বাবা মিনা মিজানুর রহমান।প্রথম আলো ডটকমকে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে আবিদের বাবা মিনা মিজানুর রহমান বলেন, ‘আবিদের প্রতি ভালোবাসা জানাতেই আমাদের এই উদ্যোগ। তাছাড়া আবিদের ভক্ত-শ্রোতা থেকে শুরু করে অনেকের আবদার মেটাতে আমাদের এই আয়োজন। আবিদের ভক্ত-শ্রোতারা নিশ্চয়ই গানগুলোর মাধ্যমে আবিদকে নতুন করে অনুভব করতে পারবেন।’অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। রয়েছে আবিদের সংগীত জীবনের নানা বিষয় নিয়ে ধারা বর্ণনা। যাতে উঠে আসবে আবিদের সংগীত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনের অনেক অজানা কথাও। ধারা বর্ণনা করেছেন শামসুজ্জোহা। বিভিন্ন মঞ্চে আবিদের গাওয়া গান নিয়ে ‘হে বন্ধু হে প্রিয়’ অ্যালবামটিতে আবিদকে একটি গান উত্সর্গ করা হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন আবিদের ছোট ভাই মিনা বাঁধন শাহরিয়ার। অ্যালবামে আবিদের গাওয়া গানগুলো হলো- ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘দেখ দেখ শুকতারা আঁঁখি মেলে চায়’, ‘নয় নয় এ মধুর খেলা’, ‘আমি কান পেতে রই’, ‘বিরহ মধুর হলো আজি’, সঘন গহন রাত্রি’, ‘বধূয়া আমার চোখে জল এনেছ হায়’, ‘তোমার কাজল মেঘের’ ও ‘গাড়ি চলে না’।জন্মদিন সামনে রেখে তৈরি করা হলেও বিভিন্ন মঞ্চে আবিদের গাওয়া গান নিয়ে ‘হে বন্ধু হে প্রিয়’ বাজারে আসবে জুলাই মাসের শেষ নাগাদ।