জন্মদিনে কবিবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের সূর্যের মতো রবীন্দ্রনাথ কখনো পুরোনো হন না বাঙালির কাছে। বারবার তিনি নতুন করে ফিরে আসেন বাঙালির মনে, মননে, চিন্তায় ও চর্চায়। গতকাল বুধবার ছিল তাঁকে স্মরণ করে উৎসবের দিন। ১৫২তম রবীন্দ্রজয়ন্তী। কবিগুরুর জন্মদিনে রাজধানী ঢাকাসহ সারা দেশ মুখর হয়ে ওঠে তাঁর গান, কবিতা, নাটক আর ভাবাদর্শ নিয়ে আলোচনায়। সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি। বিকেলে ঝুম বৃষ্টি। কৃষ্ণচূড়া বিছানো রাজপথ ভিজে একাকার। প্রকৃতির অপার এই সৌন্দর্যের মাঝেই গানে আলোচনায় কবিকে স্মরণ করলেন অনুরাগীরা। বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার তিন দিনের রবীন্দ্র উৎসব। এটি সংস্থার ২৪তম আয়োজন। ‘জাগো এবার জাগো/ বেলা কাটাস না গো’ স্লোগানে শুরু হওয়া এ উৎসব উৎসর্গ করা হয়েছে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে। এ ছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসা তহবিল গঠনের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করা হয়। উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সম্মেলক কণ্ঠে গীত হয় ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে শোনো শোনো পিতা’, ‘হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’। এরপর একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন প্রায় ৩০ জন শিল্পী। তাঁদের পরিবেশনায় ছিল ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, ‘সুন্দর বটে তবে’, ‘আজ জোছনা রাতে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’, ‘কোথা হতে বাজে প্রেম বেদনা’, ‘সীমার মাঝে অসীম তুমি’ ইত্যাদি। এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা দেয় বাংলালিংক। বাংলা একাডেমীর আয়োজনবাংলা একাডেমী গতকাল বিকেলে একাডেমীর প্রেস ভবনে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে একক বক্তৃতা, রবীন্দ্র-পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘একবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ’ শীর্ষক একক বক্তৃতা করেন কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। একক বক্তৃতায় হাসান আজিজুল হক বলেন, রবীন্দ্রনাথকে এখন নৈর্ব্যক্তিকভাবে আবিষ্কার অত্যন্ত জরুরি। এই শতাব্দীর মানুষ চায়, প্রথাগত রবীন্দ্রবিচারের ভক্তিবাদী আবরণ সরিয়ে মানুষ রবীন্দ্রনাথ এবং শিল্পী রবীন্দ্রনাথকে আপন করে চিনতে। কারণ, তিনি তো জীবনব্যাপী মানুষরতনেরই সাধনা করে গেছেন। তিনি বলেন, নির্মোহ দৃষ্টিতে রবীন্দ্রভুবনে অবলোকন সমকালীন ব্যক্তি ও বৈশ্বিক বাস্তবতায় তাঁর প্রাসঙ্গিকতা অনুধাবনের সুযোগ করে দেবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘আমাদের বর্তমান বাস্তবতায় রবীন্দ্রচিন্তার সমকালীনতা নতুন করে অনুভূত হচ্ছে; কারণ, আজ যখন চারদিকে মনুষ্যত্বের সংকট ঘনিয়ে এসেছে, তখন তাঁর মানবতাবাদী দর্শন সংকট উত্তরণের যথাযথ পথনির্দেশ করতে পারে।’স্বাগত বক্তব্যে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, রবীন্দ্রজীবন ও সৃষ্টির বিভিন্ন বিষয়ে বাংলা ও ইংরেজিতে ৩৫টি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করছে বাংলা একাডেমী।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলা একাডেমী প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। রবীন্দ্রসাহিত্য গবেষণায় অধ্যাপক করুণাময় গোস্বামী এবং রবীন্দ্রসংগীত চর্চায় অবদানের জন্য শিল্পী পাপিয়া সারোয়ারকে পুরস্কার দেওয়া হয়। তাঁদের হাতে পুষ্পস্তবক, সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মহিউজ্জামান চৌধুরী ও আশরাফ মাহমুদ।দ্রোহের নাট্যোৎসব শুরু বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার থেকে একাডেমীর চারটি মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব’। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ উৎসবের উদ্বোধন করবেন।গতকাল বিকেলে নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাট্যোৎসবের বিস্তারিত জানানো হয়। এতে একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ উপস্থিত ছিলেন।‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় একটি করে মৌলিক বাংলা নাটক তৈরি ও মঞ্চায়ন করার পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনার আওতায় ৬৪ জেলায় নাটকগুলো এই উৎসবে মঞ্চায়িত হবে।