জন্মদিনে চার্লি চ্যাপলিনের সিনেমা

নির্বাক চলচ্চিত্র দিয়েই পৃথিবীবাসীকে হাসিয়েছেন চার্লি চ্যাপলিন। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল তাঁর জন্ম। চলচ্চিত্রজীবনের শুরুর দিকে তিনি একবার বলেছেন, ফ্রান্সের ফঁতেউব্ল শহরে তাঁর জন্ম।
বিশ্বের সেরা এই কৌতুক অভিনেতার জন্মদিন উপলক্ষে তাঁর সিনেমাগুলো দেখাবে শিল্পকলা একাডেমি। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে গতকাল থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে। ২২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘চার্লি চ্যাপলিন উৎসব’-এ আজ ১৭ এপ্রিল থাকবে ‘মডার্ন টাইম’, কাল ১৮ এপ্রিল ‘ইন দ্য গোল্ড রাশ’, ১৯ এপ্রিল ‘শারলট এটলি ম্যানি কুইন’, ‘লাফিং গ্যাস’, ‘ফেইস অন দ্য বাররুম ফ্লোর রিঅ্যাকশন’, ‘দ্য ম্যাস কুয়ারাদার’, ‘গুড ফর নাথিং’, ‘দ্য রাউন্ডারস’, ২০ এপ্রিল ‘দ্য ফায়ার ম্যান’, ‘দ্য অ্যাডভেঞ্চারার’, ‘এ ডগস লাইফ’, ২১ এপ্রিল ‘এ উইম্যান’, ‘দ্য ব্যাংক’, ‘দ্য রিংক’ এবং ২২ এপ্রিল দেখানো হবে ‘দ্য পনশপ’, ‘বাই দ্য সি’ ও ‘দ্য ইমিগ্রান্ট’ ছবি।