জন্মদিনে তাঁর কবিতাপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি শামসুর রাহমানের ৮৮তম জম্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান l প্রথম আলো
কবি শামসুর রাহমানের ৮৮তম জম্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান l প্রথম আলো

রবীন্দ্র চত্বরের ঘাসে পা ডুবিয়ে বসে ছিলেন একঝাঁক মানুষ। কবি শামসুর রাহমান তাঁদের সবারই প্রিয়। কেউ কবিতার ভক্ত, কেউবা তাঁর সঙ্গে মিশেছেন কখনো-সখনো। কবি নেই, কবিতা শুনতে তবু তাঁর জন্মদিনে আসা। তাঁকে নিবেদন করে কেউ কেউ পড়বেন নিজের লেখা সব থেকে প্রিয় কবিতাখানি।
গতকাল রোববার ছিল কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন (১৯২৯)। বিকেলে বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে ছিল দিনটি উদ্যাপনের আয়োজন। যৌথভাবে এ আয়োজনটি করেছিল জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ। কবির কবিতা পড়া, আবৃত্তি, তাঁকে নিবেদিত কবিতাপাঠ, গান ছাড়াও ছিল কবির ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধাদের স্মৃতিচারণা। বাংলা একাডেমি ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন এ অনুষ্ঠানের সভাপতি। আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন, কবি মুহম্মদ নুরুল হুদা ও রফিকউল্লাহ খান। স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ।
কবি পরিবারের হয়ে বক্তব্য দেন শামসুর রাহমানের ভ্রাতুষ্পুত্র আইনজীবী তৌফিকুর রাহমান। তিনি বলেন, শামসুর রাহমান যেমন পরিবারের একান্ত আপনজন, তেমনি বাংলার মানুষও ছিল তাঁর বৃহত্তর ভালোবাসার সংসার। তিনি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে ছিলেন অবিচল।
আনিসুজ্জামান বলেন, শুরুর দিকে শামসুর রাহমানের কবিতায় ত্রিশের কবিতার আবহ ছিল। কিন্তু ক্রমেই তিনি মৌলিক সুর প্রতিষ্ঠা করে বাংলা কবিতায় নতুন মাত্রা যুক্ত করেন। তাঁর কবিতার সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না। বায়ান্নর ভাষা আন্দোলন তাঁকে আন্দোলিত করেনি। কিন্তু পাকিস্তানের সামরিক শাসন তিনি মেনে নিতে পারেননি। তাঁর মনে হয়েছে কবি হিসেবে তাঁর কিছু বলার আছে। এভাবেই তিনি কবিতায় ব্যক্তির নিভৃততম কথা থেকে সমষ্টির কথা বলেছেন। শামসুর রাহমানের কবিতার পুনরাবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সামাজিক-রাজনৈতিক অবস্থার পুনরাবৃত্তি হয়েছে। তাই মানুষের অধিকার হারানোর আশঙ্কা বারবার ফিরে এসেছে তাঁর কবিতায়ও।’
অনুষ্ঠানে শামসুর রাহমানকে নিয়ে লেখা কবি সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি করেন লায়লা আফরোজ, শাহাদাত হোসেন ও তামান্না সারোয়ার। শামসুর রাহমানকে নিবেদিত কবিতা পড়েন কাজী রোজী, সাযযাদ কাদির, কাজল বন্দ্যোপাধ্যায়, বদরুল হায়দার, পিয়াস মজিদ, এম আর মনজু, রনজু চৌধুরী, গিয়াসউদ্দিন চাষা প্রমুখ। গান করেন শারমিন সাথী ইসলাম ও সুমা রায়।