জন্মদিনে তারিনের গানের অ্যালবাম
দর্শকের কাছে তারিন অভিনয়শিল্পী। এবার তিনি গান করেছেন। আজ তারিনের জন্মদিন। এই দিনটিতে সবাইকে তারিন উপহার হিসেবে দিচ্ছেন নিজের প্রথম গানের অ্যালবাম। নাম আকাশ দেব কাকে। বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খুলবেন রুনা লায়লা। অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ। তারিন জানান, পুরো অ্যালবামের কাজ শেষ করতে সময় লেগেছে দুই বছর। গান রয়েছে এক ডজন। এর মধ্যে আটটি গানে একক কণ্ঠ দিয়েছেন তিনি। অন্য চারটি যুগল কণ্ঠের গান। এই গানগুলোতে তপন চৌধুরী, ইবরার টিপু এবং কলকাতার রূপঙ্কর ও রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারিন। সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। আর গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, বেলাল খান এবং কলকাতার রূপঙ্কর ও জয় সরকার।তারিন বললেন, ‘বিভিন্ন ভাবনার ওপর গান করেছি আমি। এই যেমন—বৃষ্টি, ভালোবাসা, স্বপ্ন, আকাশ, মা, মন, দুঃখ, আশা, আনন্দ, চাওয়া, হতাশা। আমার গান শোনার ব্যাপারে অনেকের মধ্যেই একটা আগ্রহ লক্ষ করেছি। এ ব্যাপারটা আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। গানগুলো সবার পছন্দ হলে আমার পরিশ্রম সার্থক হবে।’