জন্মদিনে তারেক মাসুদ উৎসব শুরু
মিলনায়তনের ভেতর এবং বাহিরটা প্রদীপ আর ফুল দিয়ে সাজানো। আছে তারেক মাসুদের নানা রকমের প্রতিকৃতি। কর্মীদের ব্যস্ততা, আমন্ত্রিত অতিথিরা সাগ্রহে দেখছেন ঘুরে ঘুরে। বহুজনের কণ্ঠে মুখর শিল্পকলা একাডেমীর চিত্রশালার পরিবেশ। কেবল তিনি শুধু নীরব। যাঁকে নিয়ে আয়োজন, সেই তারেক মাসুদ আছেন ছবি হয়ে।
বেঁচে থাকলে গতকাল ৬ ডিসেম্বর ৫৭ বছর হতো চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদের। জন্মদিনের উৎসব হতো তাঁকে সঙ্গে নিয়েই। নিয়তি এই সুযোগ দেয়নি। কিন্তু দেহান্তর মানেই মানুষের নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। প্রিয় মানুষটির না থাকার শূন্যতাকে মেনেই জন্মদিনকে ঘিরে দুই দিনের তারেক মাসুদ উৎসবের আয়োজন করেছে মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গতকাল শুক্রবার শুরু হয়েছে এই উৎসব। অনুষ্ঠানে ছিল তারেক মাসুদের লেখা চিত্রনাট্য ও গানের সংকলিত গ্রন্থ চলচ্চিত্র লেখা: চিত্রনাট্য ও গান-এর মোড়ক উন্মোচন।
বর্ণাঢ্য ও গোছানো আয়োজন। শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজার তৃতীয় তলার মিলনায়তনে এবং বাইরের করিডরে। করিডরে চোখে পড়ে তারেক মাসুদের বর্ণময় জীবনের আলোকচিত্র। ১০ জন আলোকচিত্রীর তোলা ছবি স্থান পেয়েছে এখানে।
বিকেলে উৎসবের উদ্বোধন করেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ। এরপর ‘আমাদের সিনেমার জাতীয় পরি (ভাষা) নির্ণয়ের আকাঙ্ক্ষা ও তারেক মাসুদ-এর আদম সুরত’ শীর্ষক তারেক মাসুদ স্মারক বক্তৃতা করেন চলচ্চিত্রকার নূরুল আলম। মঞ্চে প্রদীপ জ্বালান তারেক মাসুদের মা নুরুন্নাহার, সংস্কৃতিব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মোর্শেদুল ইসলাম, ঢালী আল মামুন, মাজহারুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন রোকেয়া প্রাচী।
প্রদীপ প্রজ্বালনের পর প্রথমা প্রকাশনা থেকে প্রকাশিত চলচ্চিত্র লেখা: চিত্রনাট্য ও গান বইটির মোড়ক উন্মোচন করা হয়। এটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ। এ পর্বে প্রকাশিত বই এবং তারেক মাসুদের কর্মজীবন নিয়ে আলোচনা করেন লেখক সৈয়দ শামসুল হক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।
প্রকাশনার পর ছিল আদম সুরত প্রামাণ্যচিত্র নিয়ে আলোচনা। এতে অংশ নেন হামিদা হোসেন, খুশী কবির, ঢালী আল মামুন প্রমুখ। ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত এই প্রামাণ্যচিত্রটির প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।