জন্মদিনে দাদাভাই স্মরণে আনন্দ আয়োজন

‘বাক বাকুম পায়রা/ মাথায় দিয়ে টায়রা/ বউ সাজবে কাল কি/ চড়বে সোনার পালকি’ কিংবা ‘হাসতে নাকি জানে না কেউ/ কে বলেছে ভাই/ এই দেখ না কত হাসির খবর বলে যাই’—ছোটবেলায় পড়া এসব ছড়া সবার জানা।
কিন্তু এসব ছড়ার লেখক কে, তাঁর নাম অনেকেরই অজানা। সেই ছড়াকার শিশুসাহিত্যিক হচ্ছেন রোকনুজ্জামান খান; ‘দাদাভাই’ নামেই যিনি বেশি পরিচিত। খ্যাতিমান শিশুসাহিত্যিক ও সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯২তম জন্মবার্ষিকী আজ রোববার। জন্মদিনের বিকেলে নানা আয়োজনে স্মরণ করা হলো বরেণ্য এই ব্যক্তিত্বকে। তাঁকে নিবেদন করে পরিবেশিত হলো কচিকণ্ঠের গান ও কবিতা। সেই সঙ্গে দাদাভাইয়ের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা। একই আয়োজনে ছোটদের হাতে তুলে দেওয়া হয় রচনা প্রতিযোগিতার পুরস্কার। আর বহুমাত্রিক অনুষ্ঠানের আয়োজন করেন দাদাভাইয়ের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলা।
অনুষ্ঠানটি শুরু হয় সম্মেলক গানের সুরে। খুদে শিল্পীরা গেয়ে শোনায় ‘আজ হৃদয়ে সব শুভ কামনা’। সেগুনবাগিচার কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেলার ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের শিশু-কিশোর আন্দোলনে দাদাভাইয়ের ভূমিকা তুলে ধরেন। এ ছাড়া অনুষ্ঠানে দাদাভাইকে নিয়ে আলোচনা করেন মেলার সহসভাপতি দিল মনোয়ারা মনু, কর্মী সদস্য কানিতা মাঈশা এবং শিশু বক্তা দিবা ও সুকন্যা। সভাপতিত্ব করেন মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ।
আলোচনা শেষে ছিল কচি-কাঁচার মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান।