জন্মদিনে পিয়ানো পেয়েছিলেন মুস্তাফা মনোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলায় বাবার কাছ থেকে পিয়ানো উপহার পেয়েছিলেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তা পেয়ে ভীষণ আনন্দ হয়েছিল তাঁর। আজ ১ সেপ্টেম্বর ৮৩তম জন্মদিনে সেই স্মৃতি মনে পড়ছে। আজকের দিনটি ভীষণ উপভোগ করছেন। বললেন, ‘সুস্থ থেকে আপনজনদের পাশে নিয়ে জন্মদিন উদ্যাপন করছি, এটাই তো অনেক বড় পাওয়া।’
নিজের ছোটবেলার জন্মদিন উদ্যাপনের স্মৃতি এখনো মনে পড়ে। মুস্তাফা মনোয়ার বললেন, ‘আমাদের সময় জন্মদিন সেভাবে উদ্যাপন করা হতো না। তবে মজা হতো। ভাইবোনদের মধ্যে সবার ছোট আমি। ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু সেই অভাব বাড়ির কেউ আমাকে কখনো বুঝতে দেননি। অনেক আদর, স্নেহ আর ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে।’
তাঁর এবারের জন্মদিনের বিশেষ উপহার ছয় বছরের নাতনি আমায়া। বললেন, ‘ওকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটছি, এর চেয়ে উপহার আর আনন্দ আর কী হতে পারে!’