জন্মদিনে ফরাসি উপহার
ঘোষণাটা হয়েছিল ২০০৯ সালে। ওই বছর ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘লিজিয়ন ডি অনার’-এর জন্য ভারতের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম ঘোষণা করা হয়। কিন্তু বাবার অসুস্থতার কারণে তখন ফ্রান্সে গিয়ে এই পদক গ্রহণ করতে পারেননি ঐশ্বরিয়া। বছর তিনেক পর ঐশ্বরিয়ার হাতে তুলে দেওয়া হলো সেই পদক। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠান আয়োজন করে ফরাসি দূতাবাস। এখানে ঐশ্বরিয়াকে পদক পরিয়ে দেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ফ্রান্সোয়া রিশিয়ে। বৃহস্পতিবার ছিল ঐশ্বরিয়ার ৩৯তম জন্মদিন। তাই পদক তুলে দেওয়ার পাশাপাশি ফরাসি দূতাবাসের পক্ষ থেকে ঐশ্বরিয়ার জন্মদিনও উদ্যাপন করা হয়। ঐশ্বরিয়া কেক কাটেন। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। মায়ের সঙ্গে এই অনুষ্ঠানে এসেছিল সে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ঐশ্বরিয়া তাঁকে এই সম্মান জানানোর জন্য ফরাসি সরকারকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে আরও ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই, মা বৃন্দা রাই ও ভাই আদিত্য। জি নিউজ ব্যুরো, এএফপি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।