জন্মদিনে ভালোবাসায় সিক্ত কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে জন্মদিনের অনুষ্ঠানে কবি আল মাহমুদ l প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে জন্মদিনের অনুষ্ঠানে কবি আল মাহমুদ l প্রথম আলো

অনুষ্ঠান বললে যে রকমের জাঁকজমক, আনুষ্ঠানিকতার কথা মনে আসে তেমন নয়। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজনটি ছিল অনাড়ম্বর, ছিমছাম। তবে নিখাঁদ শ্রদ্ধা ও প্রীতিতে উষ্ণ। গতকাল শুক্রবার কবি আল মাহমুদের ৭৯তম জন্মদিনে তাঁর স্বজন-সুহৃদরা করেছিলেন এ আয়োজন। উদ্দেশ্য, কবির লেখা অজর কবিতা পাঠ আর ফেলে আসা দিনের স্মৃতিচারণার মধ্য দিয়ে তাঁর সান্নিধ্যে খানিকটা সময় কাটানো।
নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে শুরু হয় অনুষ্ঠান। তবে উপভোগ্য হয়ে উঠতে সময় লাগেনি। মঞ্চে বাংলা ভাষার এ অগ্রগণ্য কবিকে নিয়ে কথা হলো, কবিতা পাঠ হলো। নতুন প্রজন্মের কণ্ঠে নিজের লেখা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন কবি। কয়েকবার চশমা সরিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে।
অনুরাগীদের ভালোবাসার জবাব দিতে গিয়ে কবি বলেন, ‘মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় বিদীর্ণ হয়। ব্যথায় বুক ভরে যায়।’
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে লোকজ বাংলার অনুপম রূপকার আল মাহমুদ বলেন, বাংলাদেশ যে কত সুন্দর তা এ দেশের রূপবৈচিত্র্য দেখলে বোঝা যায়। এ সময় তিনি কালবৈশাখীর সৌন্দর্য বর্ণনা করেন।
জীবনকে ‘অর্থবহ করার জন্য’ আমৃত্যু লিখে যাওয়া এবং একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লেখার ইচ্ছা প্রকাশ করেন আল মাহমুদ। কবি তাঁকে নিয়ে প্রকাশিত আল মাহমুদ ৭৯ শীর্ষক একটি স্মারকগ্রন্থেরও উদ্বোধন করেন।
বৃষ্টিঘর কবিতা চক্র আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহমুদ শাহ কোরায়শী, গীতিকবি কে জি মোস্তফা, কথাসাহিত্যিক জুবাইদা গুলশান আরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কবি আবদুল হাই শিকদার, কবিতা-আল মাহমুদ পরিষদের আবিদ আজমসহ কবির ভক্ত-অনুরাগীরা। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।
ফুল দিয়ে কবিকে শুভেচ্ছা জানান তাঁর অনেক ভক্ত ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এসব সংগঠনের মধ্যে ছিল জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ, পুবের হাওয়া, স্বাধীনতা ফোরাম, আনন ফাউন্ডেশন, সওগাত সাহিত্য সংসদ, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, সাত ভাই চম্পা, রাইটার্স অব বাংলাদেশ ইত্যাদি।
শিল্পকলা একাডেমীর নাটক ‘বাঁধ’-এর উদ্বোধনী মঞ্চায়ন: নদীর তীরবর্তী প্রান্তিক এক জনপদ নিয়ামতনগর। এর দুই অংশ উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে আজন্ম শত্রুতা। কোনো এক মধ্যরাতে আকস্মিক প্রলয়ংকরী বন্যায় ভেসে যায় নিয়ামতনগর। জনপদের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ আশ্রয় নেন সরকারি ভঙ্গুর বাঁধে। এ বাঁধেও তাঁদের অবস্থান হয় বিভক্তিরেখা টেনে। উত্তরপাড়ার মানুষ আশ্রয় নেন বাঁধের উত্তর অংশে। আর দক্ষিণপাড়ার বাসিন্দারা দক্ষিণ অংশে। সংকট দেখা দেয় যখন বাঁধের দক্ষিণ অংশ ভেঙে যেতে শুরু করে। দক্ষিণের মানুষ আশ্রয় চান বাঁধের উত্তর অংশে। ‘জাতশত্রুদের’ আশ্রয় দেওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয় উত্তরের মানুষদের মধ্যে।
উত্তরপাড়ার প্রবীণ সলিম মাদবরের চোখে ঐক্যের স্বপ্ন আর হৃদয়ে স্পন্দিত হয় মানবতার জয়গান। তিনি আশ্রয় দিতে চান দক্ষিণের মানুষদের। বাধা হয়ে দাঁড়ায় উত্তরপাড়ার তরুণ রাগী প্রজন্ম। কিন্তু একপর্যায়ে এ প্রজন্মেরই নেতা ফজল সলিম মাদবরের পাশে এসে দাঁড়ান। অথচ দুদিন আগেও তিনি ছিলেন চরম দক্ষিণপাড়াবিরোধী নেতা। ভয়াল বন্যায় প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে মানবজীবনের মাহাত্ম্য আর বিশালত্ব অনুধাবন করেন ফজল। পাল্টে যায় তাঁর জীবনদর্শন। এটাই শিল্পকলা একাডেমীর প্রযোজিত নতুন নাটক বাঁধ নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌফিকুল ইমন, এ কে আজাদ, কান্তা জামান, মনজুর মিন্টু, কাজী রাকিব, শাহরিয়ার সোহাগ প্রমুখ। গতকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হলো। শওকত ওসমানের ‘সেই বাঁধে’ গল্প অবলম্বনে মোহাম্মদ বারী এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন। উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রামেন্দু মজুমদার।