জন্মদিনে রণেশ দাশগুপ্তকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলের ওপর প্রদীপ জ্বলছে। পাশেই বেশ কিছু ফুলের তোড়া। সামনে প্রজ্ঞাময় দৃষ্টিতে শান্ত অথচ দৃঢ় অভিব্যক্তির রণেশ দাশগুপ্তের প্রতিকৃতি। কারও প্রতিকৃতির সামনে ফুল আর প্রদীপের উপস্থিতি থাকলে বোঝা যায়, মানুষটি নেই। অসামান্য জ্ঞান, প্রজ্ঞা, মনন ও চিন্তাশীল ব্যক্তিত্ব রণেশ দাশগুপ্ত তেমনই একজন, তিনি চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু তাঁর সৃষ্টি, তাঁর কর্ম মহাকালকে পরাজিত করে কালোত্তীর্ণ হয়ে উঠেছে। জন্মবার্ষিকীতে তাঁকে গতকাল স্মরণ করল অনুজ সহযাত্রী, অনুরাগীরা। জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রণেশ দাশগুপ্তের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ গঠন। আর সেই লক্ষ্যেই আমৃত্যু কাজ করে গেছেন এই কথাসাহিত্যিক ও সাংবাদিক। গতকাল মঙ্গলবার ছিল তাঁর ১০১তম জন্মবার্ষিকী। মঙ্গলবার বিকেলে একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রণেশ দাশগুপ্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উদীচীর সভাপতি কামাল লোহানী, সহসভাপতি বদিউর রহমান, রতন সিদ্দিকী, শফিউদ্দিন আহমেদ, কাজী মদিনা ও বিশ্বজিৎ ঘোষ। এতে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার।নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ অনুষ্ঠানে শুরুতে রণেশ দাশগুপ্তর প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। এরপর বক্তারা বরেণ্য এই ব্যক্তিত্ব এবং তাঁর কর্মজীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সাহিত্যিক-সাংবাদিক রণেশ দাশগুপ্ত স্বপ্ন দেখতেন শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজের। সে স্বপ্নের দ্যুতি ছড়িয়ে পড়েছে তাঁর সাহিত্য ও কর্মে। সব বৈষম্য দূর করে সামাজিক সমতা প্রতিষ্ঠার জন্য তিনি জীবনভর কাজ করে গেছেন। আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের শুরুতেই উদীচীর কেন্দ্রীয় সংসদ পরিচালিত শিল্পকলা বিদ্যালয় ‘বিশ্ববীণা’র শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। নৃত্যশিল্পীরা ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানের তালে নৃত্য পরিবেশন করেন। এরপর দলীয় সংগীত পরিবেশন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের শিল্পীরা। এতে একক কণ্ঠে গণসংগীত পরিবেশন করেন হাবিবুল আলম, সুরাইয়া পারভীন, স্বর্ণময়ী মণ্ডল, নীহার রঞ্জন হাওলাদার প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন কাজী রোজী, শাহাদাত হোসেন, শিখা সেনগুপ্ত, মৌমিতা জান্নাত প্রমুখ।আজ থেকে উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরুশুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর ৪৪তম শীতকালীন উচ্চাঙ্গসংগীত সম্মেলন ২০১২ আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র কক্ষে শুরু হবে। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে শুক্রবার।অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উচ্চাঙ্গসংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। আয়োজনের শেষ দিন শুক্রবার সকাল আটটা থেকে সম্মেলন শুরু হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সার্বিক সহযোগিতায় উচ্চাঙ্গ-সংগীতের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।