জন্মদিনে শাহরুখের বাসায় নিমন্ত্রণ পেলেন সংবাদকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের ৪৮তম জন্মদিন আগামীকাল ২ নভেম্বর। বিশেষ দিনটিতে শাহরুখ তাঁর মান্নাত বাসভবনে সংবাদকর্মীদের নিমন্ত্রণ জানিয়েছেন।
‘বলিউড বাদশাহ’ শাহরুখকে ঘিরে সবার মধ্যে ব্যাপক কৌতূহলের বিষয়টি বিবেচনায় নিয়ে সব সময় তাঁর পেছনে লেগে থাকেন সংবাদকর্মীরা। কিং খানের হাঁড়ির খবর ফাঁস করতে ব্যতিব্যস্ত থাকেন তাঁরা। মাঝেমধ্যেই তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতেও পিছপা হন না সংবাদকর্মীরা। মিডিয়ার বাড়াবাড়ির কারণে একাধিকবার ক্ষোভও প্রকাশ করেছেন শাহরুখ। তার পরও বরাবরই মিডিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে সংবাদকর্মীদের নিমন্ত্রণ জানিয়ে আবারও তা প্রমাণ করলেন তিনি।
সম্প্রতি একটি গয়নার দোকানের উদ্বোধনকালে সংবাদকর্মীদের উদ্দেশ করে শাহরুখ বলেন, ‘প্রতিবছর আমার জন্মদিনটা সবাই যখন ঘটা করে পালন করে তখন অদ্ভুত ও অস্বস্তিকর অনুভূতি হয়। এ বছর আমার জন্মদিনে আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমার বাসায় চলে আসুন। আমরা একসঙ্গে বসে কোমল পানীয় খাব আর গল্পগুজবে মেতে উঠব।’
অবশ্য ৪৮তম জন্মদিন উদযাপন পরিকল্পনা সম্পর্কে মুখ খোলেননি শাহরুখ। বিশেষ দিনটি উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করেছেন কি না, তা-ও জানাননি তিনি। তার পরও বান্দ্রায় শাহরুখের মান্নাত বাসভবনে নিমন্ত্রণ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সংবাদকর্মীরা। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

এদিকে গয়নার দোকানের উদ্বোধন করলেও নিজে গয়না পরেন না বলেই জানিয়েছেন শাহরুখ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি গয়না পরি না। পুরুষদের আসলে গয়না পরা উচিত নয়। আমার এই মতামতের জন্য আমি দুঃখিত। প্রতিটি মানুষেরই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। আমার মতে, পুরুষদের শরীরে গয়না ঠিক মানায় না। আমি গয়না তো পরিই না, এমনকি হাতঘড়িও পরতে ভালো লাগে না আমার। মাঝেমধ্যে আমি তাবিজ পরি। তবে বেশির ভাগ সময়ই সেই তাবিজ ব্যাগের ভেতরেই থাকে।