জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আল মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজারের বাসায় ভক্তদের জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করছেন কবি আল মাহমুদ ষ প্রথম আলো
মগবাজারের বাসায় ভক্তদের জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করছেন কবি আল মাহমুদ ষ প্রথম আলো

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছা, কবিতা আবৃত্তি, গান ও আলোচনার মধ্য দিয়ে উদ্যাপিত হলো কবি আল মাহমুদের জন্মদিন। গতকাল বৃহস্পতিবার উপলক্ষে কবির মগবাজারের বাসায় ‘কবিতা—আল মাহমুদ পরিষদ’-এর উদ্যোগে আয়োজন করা হয় আল মাহমুদের ৭৮তম জন্মদিনের এ অনুষ্ঠান।
সকাল থেকেই ফুল দিয়ে প্রিয় কবিকে ভালোবাসা জানাতে বাসায় আসেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফুল দিতে এসেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে বিকেলে শুরু হয় জন্মদিনের মূল অনুষ্ঠান। এ পর্বে অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ আজম সবাইকে স্বাগত জানান।
কবিতা—আল মাহমুদ পরিষদের সভাপতি কবি আসাদ চৌধুরী বলেন, বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলাদেশের স্বাধীনতা এবং আল মাহমুদ এক ও অবিভাজ্য। তিনিই আমাদের প্রধান কবি, তাঁকে রাষ্ট্রীয়ভাবে এ স্বীকৃতি দেওয়া উচিত। একটি ভাঙা সুটকেস বগলদাবা করে ঢাকা শহরে এসে কবি আল মাহমুদ কবিতার লড়াইয়ে নিজেকে কীভাবে যুক্ত করেছিলেন, তা তুলে ধরেন তিনি। তিনি বলেন, আল মাহমুদ তাঁর সেই সুটকেস খুলে একের পর এক দেখিয়েছেন বাংলাদেশের নদনদী, খালবিল, পাহাড়-অরণ্য, খড়ের গম্বুজ, নারী-নিসর্গ, মক্তবের চুলখোলা আয়েশা আক্তার, গাছের ডালের ফাঁকে আটকে যাওয়া আধখানা চাঁদ।
নিজের অনুভূতি বলতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন কবি আল মাহমুদ। তিনি বলেন, দেশ, মা ও মাটিকে ভালোবেসে সারা জীবন মানুষকে স্বপ্ন দেখাতে চেয়েছি। পরিচালিত করতে চেয়েছি কল্যাণের পথে। মানুষকে স্বপ্ন দেখানোর কাজটা খুব সহজ ছিল না। বিনিময়ে পেয়েছি মানুষের ভালোবাসা এবং আমার কাছে ভালোবাসার চেয়ে দামি কিছু নেই।
কবিকে শুভেচ্ছা জানাতে এসে কবির কবিতা পাঠ করে শোনান আবদুল হাই শিকদার, জাকির আবু জাফর, আহমদ বাসির, আফসার নিজাম, ফারুক আহমেদ, জুননু রাইন প্রমুখ। আল মাহমুদের বিখ্যাত ‘নোলক’ কবিতাটিকে সুর দিয়ে গেয়ে শোনান আমিরুল মোমেনীন।
গৌতম ভদ্রের একক বক্তৃতানুষ্ঠান: বাংলা একাডেমী আগামীকাল শনিবার বেলা ১১টায় একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার হলে আয়োজন করেছে ইতিহাসবিদ ও গবেষক গৌতম ভদ্রের একক বক্তৃতানুষ্ঠান। ‘নিম্নবর্গের ইতিহাস: পুনর্বিচারের রূপরেখা’ শীর্ষক বক্তৃতানুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।