জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত জয়া বচ্চন
গতকাল ৯ এপ্রিল ছিল বলিউডের প্রথিতযশা অভিনেত্রী জয়া বচ্চনের জন্মদিন। এদিন তিনি ৬৩ বছর অতিক্রম করে চৌষট্টি বছরে পা দিলেন। বলিউডে জয়ার শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্বামী অমিতাভ বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চনসহ নানাভাবে মাধ্যমে শুভেচ্ছা জানান। এদিকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে জয়া বচ্চন না থাকলেও স্বামী অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ভক্তসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। জয়ার পরিবর্তে জন্মদিনের শুভেচ্ছার জবাবে সবার প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন অমিতাভ। ভক্তদের পাশাপাশি জয়াকে বিভিন্নভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক, অভিনেতা-অভিনেতা ও সহশিল্পীরা।টুইটারে পরিচালক ক্যান ঘোষ জয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘জয়াজি কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’ অভিনেতা আফতাব শিবদাসনি টুইটার বার্তায় জয়া বচ্চনকে ‘অসম্ভব সুন্দরী’ এবং ‘কোমল হূদয়ের অধিকারী’ উল্লেখ করে তাঁকে অন্তরের অন্তঃস্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলেন, ‘অসাধারণ’ ও ‘চমত্কার’ জয়া ম্যাডামকে জন্মদিনের অভিনন্দন।সবাই যখন জয়া বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন ছেলে অভিষেক বচ্চন মায়ের কাছ থেকে দূরে ছিলেন। তিনি ‘দাম মারো দাম’ ছবির প্রচারণার কাজে ব্যস্ত থাকার কারণে জন্মদিনে মায়ের পাশে থাকতে পারেননি। তবে জন্মদিনে তাঁর মাকে শুভেচ্ছা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।উল্লেখ্য, প্রথিতযশা এই অভিনেত্রী ১৯৪৮ সালের ৯ এপ্রিল ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে জয়া বচ্চন সত্যজিত্ রায়ের ‘মহানগর’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর ‘ঘুড্ডি’ ছবিতে অভিনয় করে প্রথম একক অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৭৩ সালে ‘অভিমান’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।