জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হলেন নির্মল সেন
তিনি ছিলেন একই সঙ্গে সাংবাদিক, সংগঠক, রাজনীতিক ও লেখক। প্রতিটি ক্ষেত্রেই তাঁর পক্ষপাত ছিল সাধারণ মানুষের প্রতি। তাঁর সাংবাদিকতায় তা চমত্কারভাবে প্রতিফলিত হয়েছে। তিনি কখনো তথাকথিত নিরপেক্ষতা অর্জন করতে চাননি। রাজনীতি করা সত্ত্বেও তাঁর সাংবাদিকতায় কখনো দলবাজির প্রতিফলন দেখা যায়নি।গতকাল বুধবার ছিল প্রবীণ সাংবাদিক নির্মল সেনের ৮১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ওই অনুষ্ঠানে নির্মল সেনের মতো সাংবাদিক একুশে বা স্বাধীনতা পদক না পাওয়ায় বক্তাদের কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। জীবনসায়াহ্নে তাঁর গ্রামে চলে যাওয়া ও চিকিত্সার জন্য টাকা না থাকার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তাঁরা। নির্মল সেনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, নয়া দিগন্ত-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, অজয় রায়, জগ্লুল আহেমদ চৌধূরী, আবদুর রহিম, আমানুল্লাহ কবীর, ডিপি বড়ুয়া, মাহফুজ উল্লাহ, ফরিদ হোসেন, আলতাফ মাহমুদ, আবদুস শহীদ, ওমর ফারুক, খায়রুল আনোয়ার, হাসান হাফিজ, কাজী রওনাক হোসেন, শ্রমিক নেতা মোকাদ্দেস হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।বক্তারা নির্মল সেনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তাঁর সঙ্গে নিজেদের নানা সময়ের সান্নিধ্যের স্মৃতিচারণা করেন।হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে অসুস্থ নির্মল সেন এসে পৌঁছান বিকেল পাঁচটায়। অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন তাঁর শুভানুধ্যায়ী ভক্ত, অনুরাগী, সহপাঠী ও বন্ধুরা। তাঁদের অনেকেই আসেন ফুল নিয়ে। কারও কারও হাতে ছিল উপহারও। কয়েকটি পত্রিকা ও সংগঠন নির্মল সেনকে আর্থিক অনুদানের চেক দেন। প্রথম আলোর পক্ষ থেকে এক লাখ টাকার, ডেইলি স্টার-এর পক্ষ থেকে এক লাখ, দৈনিক আমার দেশ-এর পক্ষ থেকে ৫০ হাজার, নিউজ টুডের পক্ষে ২৫ হাজার এবং জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক-এর সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন, সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক বাংলা। রাজনীতি ও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন। এসব করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেন, অনশনে যোগ দেন। তিনি ২০০৩ সালের ১১ অক্টোবর অসুস্থ হন। বর্তমানে তিনি এতটাই অসুস্থ যে অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। এমনকি গতকাল অনুষ্ঠানে তিনি কথা বলতে পারেননি। আজম খানের দুটি অপ্রকাশিত গান প্রয়াত ‘পপ গুরু’ আজম খানের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তাঁর দুটি অপ্রকাশিত গান প্রকাশ করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহকেরা আজম খানের ‘খোঁজো কারে’ এবং ‘ইন্দি, বিন্দি, সিন্ধি’ গান দুটি ডাউনলোড ও ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে পারবেন।গতকাল বুধবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এই গান দুটি থেকে অর্জিত সব অর্থ শিল্পীর পরিবারকে দেওয়া হবে।গান দুটির সার্বিক সংগীতায়োজন করেছেন শিল্পী পার্থ বড়ুয়া। ‘খোঁজো কারে’র গীতিকার জিয়াউল হাসান পিয়াল এই গানের জন্য কোনো অর্থ নেননি। আর ‘ইন্দি, বিন্দি, সিন্ধি’ গানটি সংগৃহীত। এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, ‘বাংলাদেশের অজস্র ভক্তের জন্য আজম খানের এই দুটি অপ্রকাশিত গান উন্মুক্ত করার সুযোগ পেয়ে গ্রামীণফোন গর্বিত।’আজম খানের মেয়ে এমা খান বলেন, ‘বাবার এই গান দুটো বাংলাদেশের লাখো ভক্তের সঙ্গে তাঁকে আরও যুক্ত করবে। বাবা পৃথিবী থেকে চলে গেলেও তিনি তাঁর লাখ লাখ ভক্তের হূদয়ে বেঁচে থাকবেন।’ গানগুলো প্রকাশ করার উদ্যোগ নেওয়ায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানান এমা।এ দেশে পপসংগীতের পথিকৃতদের একজন মুক্তিযোদ্ধা আজম খান গলা ও ফুসফুসের ক্যানসারে ভুগে গত ৫ জুন মৃত্যুবরণ করেন। তাঁর জনপ্রিয় গানগুলো হলো: অভিমানী, আসি আসি, হাই কোর্টের মাজারে, আমি যারে চাইরে, ওরে সালেকা, জীবনে কিছু পাব না রে, আলাল ও দুলাল, রেললাইনের ওই বস্তিতে ইত্যাদি।আলোকচিত্রে নদী ও নদীতীরবর্তী জনপদনদীতে নৌকা, ওপারের দিগন্তে অস্ত যাচ্ছে লাল সূর্য, এ পাড়ে ধানখেতের আলে কয়েকজন পথিক। অন্য একটিতে দেখা যায়, নদীর পাড়ে সারি সারি তালগাছ, অদূরে সবুজ গাছপালার আড়ালে ছোট্ট বাড়ি। চট্টগ্রামের হালদা নদীর এমন প্রায় অর্ধশত আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে জার্মান কালচারাল সেন্টার মিলনায়তনে। প্রদর্শনীর শিরোনাম ‘হালদা রিভার অব মিস্টেরি’। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সাত শিক্ষার্থী এসব দৃশ্য ক্যামেরাবন্দী করেন। তাঁরা হলেন: অনন্ত ইউসুফ, মো. রেজোয়ানুল ইসলাম, নওশের আলী খান, অনন্ত গৌরব, শেখ শফিকুল ইসলাম, তাসনিমা আখতার এবং মো. মোহিদুল ইসলাম। গত ২০ জুলাই শুরু হওয়া এ প্রদর্শনীর আজ বৃহস্পতিবার শেষ দিন।