জন্মদিনে সুচিত্রা-উত্তমের ছবি সংরক্ষণের দাবি
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮০তম জন্মদিন ছিল গতকাল বুধবার। কলকাতায় দিনটি পালনের জন্য তেমন কোনো তোড়জোড় ছিল না। কেবল আজ বৃহস্পতিবার কলকাতার সংস্কৃতিকেন্দ্র নন্দনে আয়োজন করা হয়েছে সুচিত্রা চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীর। তবে বর্ধমানের সুচিত্রা-উত্তম ফ্যান ক্লাব একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ফ্যান ক্লাব থেকে দাবিও উঠেছে সুচিত্রা-উত্তম অভিনীত সব ছবি সংরক্ষণ করার।ফ্যান ক্লাবের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি দাবিনামা পাঠানো হয়েছে রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে। এদিকে স্বেচ্ছানির্বাসনে থাকা সুচিত্রা সেন তাঁর ৮০তম জন্মদিনটি পালন করছেন একান্তভাবেই নিভৃতে। বর্তমানে বালিগঞ্জ সার্কুলার রোডের বেদান্ত অ্যাপার্টমেন্টে বাস করছেন এই মহানায়িকা।জনপ্রিয়তার শিখরে থাকাকালে সুচিত্রা সেন ৩৩ বছর আগে সিনেমা থেকে অবসর নিয়ে সেই যে লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন, আর কখনো তেমনভাবে প্রকাশ্যে আসেননি। শেষবার তিনি নব্বইয়ের দশকে প্রকাশ্যে এসেছিলেন নির্বাচনী পরিচয়পত্রের জন্য ছবি তুলতে। তাঁকে ভারত সরকার চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার দিয়ে সম্মানিত করতে চাইলেও সেই পুরস্কার প্রকাশ্যে এসে রাষ্ট্রপতির হাত থেকে নিতে হবে—এ কারণে সে সম্মানও তিনি ফিরিয়ে দেন। গত কয়েক বছরে তাঁকে কয়েকবার চিকিৎসার প্রয়োজনে নার্সিং হোমে ভর্তি হতে হলেও সেখানে কারও প্রবেশাধিকার ছিল না। বাড়ির লোকজনের সূত্রে জানা গেছে, বয়সের ভারে তিনি এখন বাড়িতেই পূজা-অর্চনা করে সময় কাটান। বাইরের মানুষের যাওয়া-আসাও নিয়ন্ত্রিত বাড়িতে।বছর দশেক আগে মাঝেমধ্যে কালো কাচ লাগানো গাড়িতে করে বেলুরে রামকৃষ্ণ মিশনে গেলেও এখন আর বাড়ির বাইরে এক পা-ও বাড়ান না।