জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পরীমনি

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটালেন চিত্রনায়িকা পরীমনি। আজ সোমবার জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে তিনি ছুটে যান টঙ্গীর চেরাগ আলী আই এইচ এফ স্কুলে। সেখানে দুপুর ১২টায় শিশুদের সঙ্গে কেক কাটেন পরীমনি। পাশাপাশি প্রায় ১২০ জন শিশুর মধ্যে লেখাপড়ার সামগ্রী ও খাবার বিতরণ করেন।

নিজের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এবারই প্রথম সময় কাটালেন পরীমনি। নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, ‘শিশুদের সঙ্গে সময় কাটানোর আনন্দের কথা বলে বোঝানো যাবে না। যখন শিশুদের মাথায় জন্মদিনের টুপি পরিয়ে দিয়ে একসঙ্গে কেক কাটছিলাম, তখন তাদের চোখে মুখে যে আনন্দ দেখেছি, আমার খুব ভালো লাগছিল।’ বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান পরীমনি।

তাঁর জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন পরীমনি। সেখানে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার কথা রয়েছে।