জন্মদিনে হুমায়ুন ফরীদি স্মরণ
বাংলাদেশের মঞ্চ-টিভি-বড়পর্দার প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদি বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬১ বছর। আজ ২৯ মে তাঁর ৬১তম জন্মবার্ষিকী। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেছিলেন শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি। তাঁর বাবার নাম এ টি এম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। হুমায়ুন ফরীদির বাবা ছিলেন মুখ্য পাট পরিদর্শক। হুমায়ুন ফরীদির ডাকনাম পাগলা, সম্রাট ও গৌতম। পরিবারে দুই ভাই, দুই বোনের মধ্যে হুমায়ুন ফরীদি অবস্থান ছিল দ্বিতীয়।মাদারীপুর-গোপালগঞ্জ মহকুমার মুখ্য পাট পরিদর্শক থাকাকালীন বাবা নুরুল ইসলামের সঙ্গে ১৯৬৫ সালে মাদারীপুর শহরে চলে যান ফরীদি। বাবার চাকরির সুবাদে জীবনের চারটি বছর সেখানেই থাকতে হয় তাঁকে। তাঁরপর মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন হুমায়ুন ফরীদি। বাবার বদলির চাকরির কারণে এসএসসি পরীক্ষা পাসের পরপরই চাঁদপুরে চলে যান তিনি। ১৯৭০ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। একই বছর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে। এভাবেই বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ বেশ কয়েকটি জেলায়।এর পরপরই শুরু হয় মুক্তিযুদ্ধ। শুরু হয় টানা পাঁচ বছরের বোহিমিয়ান জীবন। হুমায়ুন ফরীদির বোহিমিয়ান জীবনটাকে শৃঙ্খলায় আনেন তাঁরই সহপাঠীর বোন মিনু ওরফে নাজমুন আরা বেগম।এক বর্ণাঢ্য অভিনয় জীবন ছিল হুমায়ুন ফরীদির। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমান দাপটের সঙ্গে অভিনয় করে দেশ-বিদেশের লাখো-কোটি ভক্তের মনে আসন করে নিয়েছেন এ অভিনেতা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন তিনি। এ বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার সেলিম আল দীনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষাজীবন শেষ হলেও প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা করেছেন বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে। প্রাথমিক স্কুল কালীগঞ্জ, হাইস্কুল মাদারীপুর আর চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্য উত্সব আয়োজনেরও প্রধান সংগঠক ছিলেন ফরীদি। এ সময় ‘আত্মস্থ ও হিরণ্ময়ীদের বৃত্তান্ত’ নামে একটি নাটক লেখেন তিনি। পাশাপাশি এ নাটকে অভিনয় ও নির্দেশনার কাজও করেন। বিচারকদের রায়ে নাটকটি উত্সবের পাঁচটি নাটকের মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয়। ফরীদির সঙ্গে এ নাটকের সুবাদেই পরিচয় ঘটে ঢাকা থিয়েটারের নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে। আর এ উত্সবের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে তাঁর ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি সম্পৃক্ত হয়েছিলেন ঢাকা থিয়েটারের সঙ্গে। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে বাংলাদেশে একজন মেধাবী ও শক্তিমান নাট্যব্যক্তিত্ব হিসেবে নিজেকে চিনিয়েছিলেন তিনি।হুমায়ুন ফরীদির মঞ্চযাত্রা শুরু হয়েছিল ঢাকা থিয়েটারের মাধ্যমে। সেলিম আল দীনের ‘চর-কাঁকড়ার ডকুমেন্টারি’ নাটকটির প্রোডাকশনে কাজ করেন তিনি। এরপর ঢাকা থিয়েটারের ‘সংবাদ কার্টুন’-এ ছোট্ট একটি চরিত্রে সুযোগ পান। তারপর একে একে ‘শকুন্তলা’, ‘ফণীমনসা’, ‘কীত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’ ও ‘ভূত’ নাটকে অভিনয় করেন। ১৯৯০ সালে ভূত নাটকটির মধ্য দিয়ে শেষ হয় হুমায়ুন ফরিদীর ঢাকা থিয়েটার জীবন। এ নাটকটির নির্দেশনাও দিয়েছিলেন হুমায়ুন ফরীদি। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য হিসেবে তিনি এক সময় গ্রাম থিয়েটারের চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে অভিনয় করে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করার ক্ষেত্রেও অসামান্য ভূমিকা পালন করেন তিনি। মঞ্চ নাটক, টিভি ও সিনেমায় অভিনয় করে হুমায়ুন ফরীদি স্বকীয় বৈশিষ্ট্য নির্মাণে সক্ষম হয়েছিলেন। তাঁর কয়েক দশকের কর্মময় জীবনে ফরীদি অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি । ফরীদি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ‘শ্যামল ছায়া’, ‘ভণ্ড’, ‘বিশ্ব-প্রেমিক’, ‘পালাবি কোথায়’, ‘জয়যাত্রা’, ‘আহা!’, ‘হুলিয়া’, ‘একাত্তরের যিশু’, ‘দহন’, ‘সন্ত্রাস’, ‘মাতৃত্ব’, ‘ব্যাচেলর’ প্রভৃতি। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘নিখোঁজ সংবাদ’ নাটকের মধ্য দিয়ে হুমায়ুন ফরীদি টিভি নাটকে প্রথম অভিনয় করেন। তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে ‘নীল আকাশের সন্ধানে’, ‘দুরবিন দিয়ে দেখুন’, ‘ভাঙনের শব্দ শুনি’, ‘বকুলপুর কতদূর’, ‘মহুয়ার মন’, ‘সাত আসমানের সিঁড়ি’, ‘একদিন হঠাত্’, ‘চানমিয়ার নেগেটিভ পজিটিভ’, ‘অযাত্রা’, ‘পাথর সময়’, ‘দুই ভাই’, ‘শীতের পাখি’, ‘সংশপ্তক’, ‘কোথাও কেউ নেই’, ‘সমুদ্রে গাংচিল’, তিনি একজন’, ‘চন্দ্রগ্রস্ত’, ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘বিষকাঁটা’, ‘ভবের হাট’ ও ‘শৃঙ্খল’। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিক ‘সংশপ্তক’ নাটকে ফরীদির অনবদ্য অভিনয়ের কল্যাণে ‘কান কাটা রমজান’ চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।আশির দশকের শুরুতে হুমায়ুন ফরীদি প্রথম বিয়ে করেন মিনু ওরফে নাজমুন আরা বেগমকে। হুমায়ুন ফরীদির প্রথম সংসারে দেবযানী নামের এক মেয়ে রয়েছেন। মিনুর সঙ্গে ছাড়াছাড়ির এক পর্যায়ে তিনি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে সংসার শুরু করেন। ২০০৮ সালে সুবর্ণা মুস্তাফার সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়ে যায়।‘মাতৃত্ব’ ছবির জন্য সেরা অভিনেতা শাখায় ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন হুমায়ুন ফরীদি। হুমায়ুন ফরীদি তেমন একটা লিখতেন না। অবশ্য লেখালেখি না করলেও নিয়মিত টিভি অভিনয়ের পাশাপাশি তিনি কিছু টেলিফিল্ম, ধারাবাহিক ও এক ঘণ্টার নাটক নির্মাণ করেছেন। অভিনয়ের অসাধারণত্ব আর স্বকীয় বৈশিষ্ট্যের গুণগত পরিবর্তন অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উত্সবে সম্মাননা প্রদান করা হয়।এ বছরের ১৩ ফেব্রুয়ারি, ফাল্গুনের ১ তারিখের সকালে ৬০ বছর বয়সে ধানমন্ডিতে নিজ বাসায় বাথরুমে পড়ে গিয়ে অভিনেতা হুমায়ুন ফরীদি মারা যান। শারীরিক মৃত্যু হলেও তিনি এ দেশের সংস্কৃতি অঙ্গনে তাঁর রেখে যাওয়া কাজ, বিশেষ করে অভিনীত নাটক ও চলচ্চিত্রের কল্যাণে সবার মাঝে বেঁচে থাকবেন। তাঁর অসাধারণ সব সৃষ্টির মধ্য দিয়েই ফরীদি বাংলাদেশে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।