জন্মদিনে ‘নাইট’ ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ৩৯তম জন্মদিন আজ। ঠিক জন্মদিনের দিনই তিনি পেলেন ফরাসি ‘নাইট’ সম্মাননা। খবর এনডিটিভির। ফরাসি সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক ‘নাইট অব দি অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস’ খেতাব পেয়েছেন বলিউডের তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সাহিত্য ও সংস্কৃতিতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঐশ্বরিয়াকে এ খেতাব দিয়েছে ফরাসি সরকার। আজ ফরাসি রাষ্ট্রদূতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করছেন ঐশ্বরিয়া। ২০১১ সালে মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের কারণে তিনি এ সম্মাননা গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছিলেন। ঐশ্বরিয়ার এ সম্মাননা অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চনসহ পরিবারের সকলেই উপস্থিত থাকছেন। ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ভারতের সবচেয়ে কমবয়সী হিসেবে ফরাসি ‘নাইট’ পেয়ে উচ্ছ্বসিত বলিউডের এ অভেনেত্রী। মেয়ে আরাধ্যকে নিয়ে এবারই প্রথম জন্মদিনের অনুষ্ঠান করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রসঙ্গত, ১৯৭৩ সালে কৃষ্ণরাজ রাই এবং বৃন্দা রাইয়ের ঘরে জন্ম নেন ঐশ্বরিয়া রাই। সুন্দরী ও মেধাবী ঐশ্বরিয়া মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন, পরে বিশ্বসুন্দরী হন। এরপর আসেন অভিনয়ের জগতে। উপহার দেন ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’ ‘ধুম টু’সহ আরও বেশ কয়েকটি ব্লকবাস্টার চলচ্চিত্র। ২০০৭ সালে বচ্চন পরিবারে বিয়ে হয় তাঁর।