জন্মদিনের রোশনাইয়ে আব্বুটাই নেই
জন্মদিনে আয়োজনের কমতি ছিল না। জাঁকাল সাজসজ্জা, উচ্ছ্বাসে ভরপুর অতিথি আর উপাদেয় ভোজে অনুষ্ঠানে ঝলকাচ্ছে রোশনাই। কেবল ছোট্ট বাবুটার আব্বুটাই নেই। এভাবে বাবা শাকিব খানকে ছাড়াই প্রথম জন্মদিনের কেক কাটল ছোট্ট আব্রাম। মা অপুর এই আয়োজনে শেষ মুহূর্ত পর্যন্ত পাওয়া যায়নি দেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিবকে।
জনপ্রিয় তারকা দম্পতি শাকিব ও অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের আজ (২৭ সেপ্টেম্বর) ছিল প্রথম জন্মদিন। এ উপলক্ষে গুলশানের একটি হোটেলে জমকালো পার্টির আয়োজন করেন শাকিবপত্নী ও আব্রামের মা অপু বিশ্বাস।
জয়ের প্রথম জন্মদিন উপলক্ষে রাত ৮টার পর একে একে উপস্থিত হন চিত্রনায়ক রিয়াজ, তাঁর স্ত্রী তিনা ও কন্যা, বাপ্পী, পূর্ণিমা, শাবনূর, কণ্ঠশিল্পী মমতাজ, ফ্যাশন বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস প্রমুখ। সবশেষে আসেন শাবনূর।
পৌনে ৯টায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মা অপু ছেলে জয়ের জন্মদিনের কেক কাটেন।
এর পর অপু বিশ্বাস বলেন, ‘আমার জয়ের জন্য সবাই দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে—এই কামনা করবেন।’
জয়ের বাবা শাকিব খান কেন একমাত্র সন্তানের জন্মদিনে এলেন না, এ বিষয়ে কিছুই বলেননি অপু বিশ্বাস।
জানা গেছে, ছেলের জন্মদিন উপলক্ষে গরিব-ও অসহায় ব্যক্তিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন শাকিব খান। এ ছাড়া গুলশানের আজাদ মসজিদে দোয়ার আয়োজন করেন শাকিব খান।