জন্মদিনের শুভেচ্ছা, জয়তু শফিকুল আমীন
বেঙ্গল গ্যালারিতে অনেক মানুষের ভিড়। তাঁদের বেশির ভাগই রং-তুলি-ক্যানভাসের ভুবনের বাসিন্দা। আনন্দঘন পরিবেশ। প্রায় সবার হাতেই ফুলের তোড়া। তাঁরা মিলিত হয়েছেন এক প্রবীণ শিল্পগুরুকে শ্রদ্ধা জানাতে। তিনি শিল্পী শফিকুল আমীন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হয়েছিল তাঁর ৯৮তম জন্মদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুটা ছিল একটু অন্য রকম। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মঞ্চে এসে শারমীন সাথী ইসলাম গাইলেন, ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ এবং ‘আমি নূতনে রতনে, ভূষণে যতনে’ গান দুটি। একে একে শুভেচ্ছা বক্তব্য দিলেন মুস্তাফা নূরউল ইসলাম, আনিসুজ্জামান, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, হাশেম খান ও জাহানারা আবেদিন। তাঁরা বলেন, ‘আজকে শিল্পকলার যে সফল বিস্তার, তার জন্য সামাজিক, রাজনৈতিক বাধাবিপত্তিকে ঠেলে শিল্পাচার্য জয়নুলের নেতৃত্বে শফিকুল আমীনরা এগিয়ে গেছেন। ভূমিকা রেখেছেন আজকের বাংলাদেশের চারুকলার শক্তিশালী অবস্থান তৈরিতে।’ আর তাই সবাই তাঁর দীর্ঘায়ু কামনা করে বলছেন, ‘জয়তু শফিকুল আমীন।’ এরপর শিল্পী শফিকুল আমীনের আত্মস্মৃতি গ্রন্থ নানা রঙের দিনগুলির মোড়ক উন্মোচন করা হয়। শফিকুল আমীনের জন্ম ভারতের শিলং শহরে ১৯১২ সালের ১৬ জুলাই। ১৯৩৮ সালে কলকাতা সরকারি চারুকলা কলেজ থেকে ছয় বছরের কোর্স সম্পন্ন করেন। ১৯৩৮ সালে ফরিদপুর জিলা স্কুলে ড্রইংয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। ১৯৪৫ সালে তিনি কলকাতার ডেভিড হেয়ার কলেজে এবং ১৯৪৬ সালে কলকাতা গভ. আর্ট স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। দেশ বিভাগের পর ঢাকায় এসে ঢাকা চারুকলা কলেজ প্রতিষ্ঠায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযোগী হিসেবে ভূমিকা রাখেন। ১৯৪৯ সালে তিনি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে যোগ দেন। ১৯৬০ সালে লন্ডনে ‘আর্ট টিচিং’-এ উচ্চতর শিক্ষা নেন। তিনি ১৯৬১ সালে ঢাকা চারুকলা কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৬৮ সালে অবসর নেন। ১৯৭৬ সালে সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রথম পরিচালক হিসেবে যোগ গিয়ে ১৯৮২ সালে অবসর নেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে ‘তমঘা-ই-ইমতিয়াজ’ উপাধি দেয়। খোলো খোলো দ্বারশিল্পী মনিকা জাহান বসু যুক্তরাষ্ট্রেই বড় হয়েছেন। বাবা-মা সম্পৃক্ত ছিলেন ভাষা আন্দোলনে। বিদেশে থেকেও তাই শিখেছেন বাংলা ভাষা। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে প্রবাসে আঁকা চিত্রকর্মে তিনি বাংলা ভাষাকে ব্যবহার করেছেন।গতকাল ঢাকা আর্ট সেন্টারে এসব ছবি নিয়েই শুরু হয়েছে মনিকা জাহান বসুর ‘খোলো খোলো দ্বার’ নামের একক চিত্রকর্ম প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস এবং শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ।প্রদর্শনীর ২৮টি চিত্রকর্মের প্রতিটিতেই কোনো না কোনো জায়গায় দেখা মিলবে বাংলা ভাষার কোনো অক্ষর, শব্দ কিংবা বাক্য। ছবিগুলোতে বাঙালির সাংস্কৃতিক পরিচয় যেমন উঠে এসেছে, তেমনি চিত্রিত হয়েছে দৈনন্দিন জীবন, ব্যক্তিগত অনুষঙ্গ, সামাজিক, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা সর্বজনীন বিষয়ও। ২৭ জুলাই পর্যন্ত চলবে তাঁর একক প্রদর্শনী। ছায়ানটের রবীন্দ্র উৎসবশিল্পকলা একাডেমীতে গতকাল ছিল উৎসবের আবহ। সকাল ১০টায় সুরের টানেই শ্রোতাদের এগিয়ে যাওয়া। জাতীয় নাট্যশালায় প্রবেশ করতেই কানে ভেসে এল সমবেত কণ্ঠের গান ‘ওই মহামানব আসে...’। রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট প্রায় বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠান ছিল তারই অন্তর্গত। ‘অন্তর মম বিকশিত করো’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর স্বাগত বক্তব্য দেন মিতা হক। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ওই মহামানব আসে,’ ‘আপন হতে বাহির হয়ে,’ ‘ওরে ওরে ওরে আমার মন মেতেছে’ এসব গান। গানের ফাঁকে ফাঁকে ছিল ‘পুরাতন ভৃত্য’ ‘ক্ষান্তবুড়ি’, ‘বিচিত্র সাধ’, ‘প্রশ্ন’র আবৃত্তি। নালন্দার শিক্ষার্থীরা তোতাকাহিনী নাটিকাটি মঞ্চস্থ করে। সবশেষে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ প্রামাণ্যচিত্রটি পরিবেশিত হয়। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে ‘মুক্তিসংগ্রাম ও সংস্কৃতি’ বিষয়ে বিশেষ বক্তৃতা দেন সন্জীদা খাতুন।