জন্মদিনের সেই আসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে আফজাল হোসেনকে নিয়ে কথা বলছেন হাশেম খান, বাঁয়ে নাসির উদ্দীন ইউসুফ
জন্মদিনে আফজাল হোসেনকে নিয়ে কথা বলছেন হাশেম খান, বাঁয়ে নাসির উদ্দীন ইউসুফ
১৯ জুলাই ছিল নন্দিত অভিনয়শিল্পী আফজাল হোসেনের জন্মদিন। জীবনের ৬২ বছর পেরিয়ে এসেছেন তিনি। আফজাল হোসেনের জন্মদিন উপলক্ষে ২৯ জুলাই চ্যানেল আইয়ের ছাদঘরে আয়োজন করা হয় ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের। সেদিন আফজালকে ঘিরে কথা বলেন তাঁর কাছের মানুষ ও বন্ধুরা।

হাশেম খান

চিত্রশিল্পী
আর্ট কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটা ক্যাটালগ প্রকাশ করা হবে। আফজাল এই কাজটি নিয়ে তখন ব্যস্ত। আমার সঙ্গে দেখা হয় সুবীর চৌধুরীর, তখনই পরিচয় আফজালের সঙ্গে। ক্যাটালগের কাজে আফজাল রিকশায় চড়ে কোনো এক ছাপাখানায় যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি প্রথম বর্ষে পড়ো?’ ও আমার দিকে তাকিয়ে বলল, ‘স্যার, আমার তিন বছর পার হয়ে গেছে।’ এরপর আর আমাকে কিছু বলেনি।
পরদিন বন্ধুদের সে বলেছে, ‘তিন বছর ধরে ক্লাস করলাম, অথচ স্যার আমাকে একবারের জন্যও দেখেনি! এটা জানার পর তো ইচ্ছে হচ্ছিল, আমি রিকশা থেকে রাস্তায় ঝাঁপ দিই।’
তবে সে ঝাঁপ দেয়নি। শুনেছি, সে পরিষ্কারভাবে বন্ধুদের জানিয়ে দিয়েছিল, ‘রিকশা থেকে ঝাঁপ না দিয়ে আমি এমন কিছু করব, যাতে স্যার আমার দিকে তাকাতে বাধ্য হন।’ আফজাল, আজকে তার ৬২ বছর পার করল। সত্যি সত্যি, রজতজয়ন্তী অনুষ্ঠানে আফজাল আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছিল।

নাসির উদ্দীন ইউসুফ
নির্মাতা
আফজালের সঙ্গে আমার সম্পর্কটা রক্তের নয়, তবে এর চেয়েও বেশি কাছের। ঢাকা থিয়েটারের মাধ্যমে পরিচয়। বয়সে ছোট হলেও আমাদের সম্পর্কটা একসময় দারুণ একটা বন্ধুত্বে রূপ নেয়। আফজালকে নিয়ে বলতে গেলে বহু গল্পই বলতে হয়। দিন-রাত পার হবে কিন্তু গল্প শেষ হবে না। আমি বন্ধু আফজালের জনপ্রিয়তার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। অনেক বছর আগে সাপ্তাহিক বিচিত্রায় সমসাময়িক অভিনয়শিল্পীদের নিয়ে নিয়মিত একটা জরিপ হতো। ওই সময়টায় জরিপে টানা কয়েকবার উত্তম কুমার সেরা নায়ক নির্বাচিত হন। এর মধ্যে একবার দেখা গেল উত্তম কুমারকে পেছনে ফেলে আফজাল হোসেন সেরা নায়ক নির্বাচিত হয়ে গেল! বিষয়টিতে আমার অগ্রজ বন্ধু শাহাদাৎ চৌধুরী (বিচিত্রার সম্পাদক) আমাকে ডেকে পাঠালেন। বললেন, ‘বাচ্চু (নাসির উদ্দীন ইউসুফের ডাকনাম), দেখ তো কী কাণ্ড!’ ঘটনাটি আমাদের কাছে অবিশ্বাস্যও মনে হচ্ছিল। আমি আবার উত্তম কুমারের ভক্ত। আফজাল আবার ঘরের ছেলে। সেইখানে এই বিষয়টা ছাপানো আমাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হয়ে গেল। কিন্তু পরে সিদ্ধান্ত হলো, ফলাফল যা হয়েছে তা-ই তো দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে, আফজাল নিজেও এই বিষয়টাতে বিব্রত হয়েছিল। উত্তম কুমার যে সব সময় জনপ্রিয়, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাঁর সঙ্গে কোনো তুলনা চলে না। তবে আফজাল সে সময় বাংলাদেশের টিভি নাটকে ও চলচ্চিত্রে দারুণ একটা ভূমিকা রেখেছিল। সে যে সৌম্য দর্শনীয়—এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই।

ইমদাদুল হক মিলন
কথা সাহিত্যিক
আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে, আমি আফজাল হোসেন হওয়ার চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি। আফজাল কোথাও বের হলে আমি তার সঙ্গে বের হওয়ার চেষ্টা করতাম, যাতে আমার দিকেও সবার নজর পড়ে। তো যা-ই হোক, আমার বন্ধুদের মধ্যে বা আমার সময়ে বা এখনো আফজাল হোসেন সেই আফজাল হোসেনই। তার ধারেকাছে কেউ পৌঁছায়নি। আমরা বহুবার বহু চেষ্টা করে হতাশ হয়েছি। আফজাল হচ্ছে আমাদের সময়ে সবচেয়ে প্রতিভাবান যুবক। শিল্প-সাহিত্যের এমন কোনো জায়গা নেই, যেখানে আফজাল হাত দিয়েছে কিন্তু সফল হয়নি।

শিমুল মুস্তাফা
অিভনয়শিল্পী
আমি ১৯৭৪ সালে ঢাকা থিয়েটারে যোগ দিই। আফজালের যোগ দেওয়ার কিছুদিন পর। ওর সঙ্গে আমার পরিচয় আর্ট কলেজে। তখন ওর লম্বা চুল ছিল। কাঁধে ব্যাগ ঝোলানো থাকত। যত দূর মনে পড়ছে, ও আর্ট কলেজের সাংস্কৃতিক বিষয়ক কিছু একটা ছিল। আমি সেখানেই তাকে প্রথম দেখি। আফজাল সাংস্কৃতিক সপ্তাহ করবে। আমাকে বলল, একটা গান গাইতে হবে।
আফজালের সঙ্গে আমার সম্পর্ক মা এবং ছেলের, বন্ধু এবং বন্ধুর, ভাই এবং ভাইয়ের। ওর সঙ্গে প্রচুর ঝগড়া করেছি। আফজাল আমার ওপর এত রাগ কেন করত বুঝি না, আমিও ওর ওপর এত রাগ কেন করতাম বুঝি না। ওকে আমি একদম সহ্য করতে পারতাম না। সে-ও আমাকে সহ্য করতে পারত না। তবে আমরা দুজন একসঙ্গে অনেক কাজ করেছি। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হলো, আফজালের সঙ্গে কোনো মঞ্চনাটকে তৃপ্তি নিয়ে অভিনয় করতে পারিনি। একটি নাটক করেছিলাম কসাই নামের, কিন্তু সেটা উল্লেখ করার মতো নয়। আফজালের সঙ্গে আমার কো-আর্টিস্ট হিসেবে কাজ করতে না পারার একটা আক্ষেপ আছে। এটা থাকবেও। আমার বাড়িতে যেদিন চিতল মাছের পেটি কিংবা পাঙাশ মাছের পেটি রান্না হতো, সেদিন একটা ফোন যেত আফজালের কাছে, যত ঝগড়া হোক, অনেক দিন কোনো কথা নেই, শুধু এটুকু বললেই হতো, ‘বাসায় রান্না হইছে খাইতে আসিস।’ আফজাল চলে আসত। এই না হলে বন্ধু।
গ্রন্থনা: মনজুর কাদের