জন্মদিনের সেরা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের সংগীতশিল্পী আনিতা
ব্রাজিলের সংগীতশিল্পী আনিতা

আনিতা যা স্বপ্নেও ভাবেননি, ২৩তম জন্মদিনে ঘটে গেল তেমনই এক ঘটনা। একজন শিল্পীর জন্মদিনের সেরা উপহার কী হতে পারে? যা পেলে বিস্ময়ে যে কেউ হতবাক হয়ে যাবে? আনিতা বিস্ময়ে হতবাক হয়ে পড়েছিলেন। এত দ্রুত যে এমন কিছু প্রাপ্তিযোগ ঘটবে, তা তিনি আশা করেননি। জন্মদিনের লগ্নে তাঁকে দেওয়া হলো জন্মভূমির ঐতিহাসিক এক ঘটনায় নাম লেখানোর খবর! রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান করার সুযোগ পাচ্ছেন তিনি, এ ছিল তাঁর ভাবনারও অতীত।
ব্রাজিলের শিল্পী আনিতার পরিচিতি আছে মার্কিন মুলুকেও। জোট বেঁধে গান করার এই সময়টাকে কাজে লাগাতে পেরেছেন তিনি। গত ২৭ জুলাই নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন কলম্বিয়ার শিল্পী মালুমার সঙ্গে যৌথভাবে করা নতুন গান ‘সিম অর নাউ’। ইতিমধ্যে ১ কোটি ২৯ লাখবারেরও বেশি সেটা দেখেছেন দর্শকেরা। সামাজিক যোগাযোগে এগিয়ে থাকার এই ছিল সুবিধা। সেখান থেকেই খুঁজে নিয়েছেন মালুমাকে। ইনস্টাগ্রামে দেড় কোটি ও ফেসবুকে ১ কোটি ৪০ লাখ ভক্ত লুফে নিয়েছেন মালুমার সঙ্গে গাওয়া গানের ভিডিওটি। ইচ্ছে ছিল আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কাজ করার। মণিকাঞ্চন যোগ হতেই লাতিন সংগীতকে তিনি উপহার দিলেন নতুন একটি গান।

>‘তোমার শহরে অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠানে গাইতে পারবে তো?’ কথাটা শুনে আনিতা এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে, আর কাউকেই বলেননি সেটা

গত শুক্রবার বিশ্ব তাকিয়ে ছিল ব্রাজিলের দিকে। তিন ঘণ্টার রিও অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে গান করলেন ব্রাজিলের খ্যাতিমান কাইতেনো ভেলোজি (Caetano Veloso) ও জিলব্যার্ত জিল। সঙ্গে ব্রাজিলের উঠতি জনপ্রিয় গায়িকা আনিতা। এত বড় সুযোগ যে অপেক্ষা করেছিল তাঁর জীবনে, তাঁর দরিদ্র পরিবার বা প্রতিবেশীরা ভাবতেই পারেনি সেটা। নিজের দেশ নিয়ে গর্বিত আনিতা বলছিলেন, দেশে নানা সমস্যা আছে বটে; কিন্তু তাঁরা আশাবাদী, সুখী ও আত্মবিশ্বাসী। তাঁদের হৃদয়বান মানুষেরা মানসিক শক্তিতে ভরপুর। জীবনকে উদ্যাপনে মুচকি হেসে অভ্যর্থনা জানান বিশ্বকে।
সেই রাতের কথা। জন্মদিনের পার্টি শেষ। রাতের খাবারের পর সহকর্মীরা জানালেন, ‘তোমার শহরে অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠানে গাইতে পারবে তো?’ কথাটা শুনে আনিতা এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে, আর কাউকেই বলেননি সেটা। যতক্ষণ সম্ভব নিজের ভেতরেই রেখে দিয়েছিলেন। ২০১৪ সালে তিনি কাজ করেছেন ব্রাজিলিয়ান কমেডি কোপা দে এলিতে ছবিতে। গানের অ্যালবামের সংখ্যা সাত। সামনে তাঁর দীর্ঘ যাত্রা। আন্তর্জাতিক অঙ্গনে করতে চান এত্ত এত্ত কাজ। পৃথিবীর মেয়েদের দেখিয়ে দিতে চান, স্বপ্নকে কীভাবে সত্যে রূপ দিতে হয়। কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হয়।
ইঅনলাইন, বিবিসি, বিলবোর্ড অবলম্বনে