নানা বর্ণের আলোকরশ্মির ছটায় ঝলমলিয়ে ওঠে চতুর্দিক। সচল হয় দুই পাশের ঢাউস পর্দা। হূদ্যন্ত্রের গতি দ্রুততর করে ‘মেরিল, মেরিল-প্রথম আলো পুরস্কার...’ শীর্ষ সংগীতের সুর। রুদ্ধশ্বাস প্রতীক্ষা, দুর্দান্ত চমক, আর চোখ ধাঁধানো সব কাণ্ড। এমন এলাহি কারবারের আরেক নাম মেরিল-প্রথম আলো পুরস্কার আসর। সেই জমজমাট আয়োজনের পুরোটাই আজ দর্শকের জন্য থাকছে চ্যানেল আইয়ের পর্দায়। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯-এর এই বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো উপস্থাপকের ভূমিকায় পাওয়া যাবে ছোট পর্দার অতি জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে। প্রাচ্য আর পাশ্চাত্যের মিলনের সুরের সঙ্গে সেই নাচে তাল মেলান চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গী মোনালিসা, প্রভা, মম, বাঁধন, মুনমুন এবং চার বিদেশিনী শিল্পী সোফি, এডউইনা, জেসিকা ও দিয়ানা। রয়েছে বিন্দু, মীম ও শখকে নিয়ে শাকিব খানের নজরকাড়া নাচ। হাবিব ও ন্যান্সির গানে ফারদিন, নওশীন, সজল, সারিকা, তিশা ও তপু। রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাতেমা-তুজ-জোহরার গানের সঙ্গে অপি করিমের মনোমুগ্ধকর নাচ আর ক্রিকেটার ও দেশ নিয়ে ‘জেগে ওঠো বাংলাদেশ’। চোখ রাখুন আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে রোববার বেলা তিনটায়।