
জমকালো আয়োজনে ঠিক এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার পর্দা নামল ইউরোপের মর্যাদাপূর্ণ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এটি ছিল উৎসবের ৩৯তম আসর। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম সম্মানজনক এই উৎসব। রুশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়।

এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে চীনা চলচ্চিত্রকার লিয়াং কিয়াওয়ের ইউয়ানশ্যাং। সমাপনী দিনে মার্কিন পরিচালক সোফিয়া কপোলার দ্যবিগুইলড প্রদর্শনী, শতাধিক তারকার লালগালিচায় পা মাড়ানো আর বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় টানা আট দিনের এ চলচ্চিত্র উৎসব।
যাঁরা পুরস্কার পেলেন
রাত আটটার দিকে শুরু হয় সমাপনী অনুষ্ঠানের মূল পর্ব। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট রুশ অভিনেতা ও নির্মাতা নিকিতা মিখালকোভ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতে মঞ্চে আসেন। সংক্ষিপ্ত বক্তব্যে বর্ষীয়ান এ রুশ নির্মাতা বলেন, গোটা উৎসবজুড়ে ভেন্যুগুলোতে ছিল চমৎকার পরিবেশ, অনেক দর্শকের সমাগম ঘটেছে। রাশিয়ার ওপর চলমান নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, সম্পর্কের বন্ধন কতটা অটুট, তা খোঁজার চেয়ে সিনেমা দেখার চেষ্টা অধিক গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার লেখা ‘আমি তোমাকে খুঁজি’ শিরোনামের গানটি পরিবেশন করেন আলেক্সান্দার কোগান।
অতিথিদের স্বাগত বক্তব্য শেষে সমাপনী অনুষ্ঠানে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা (পুরুষ), সেরা অভিনেতা (নারী) ও বিশেষ জুরি পুরস্কার ঘোষণা করা হয়। ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক ফিনল্যান্ডের ইওর্ন ইওখান, স্পেনের আলবের্ট সের্রা, ইতালির আর্নেল্লা মুতি ও ইরানের রেজা মিরকারিমি বিজয়ীদের নাম ঘোষণা করেন।
চীনা পরিচালক লিয়াং কিয়াওয়ের ক্রেস্টেডইভিইস ছবিটি মস্কো চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘জালাতোই স্ভিতোর গেওর্গি’ বা গোল্ডেন সেন্ট জর্জ জিতে নিয়েছে। ২০১৬ সালে নির্মিত এ ছবি শুরু হয় বেইজিংয়ের এক রিপোর্টারকে নিয়ে। ছবিতে পরিচালক চীনের গ্রামীণ জীবনধারা ও সেখানে মানবতার বিপর্যয়ের মতো সংবেদনশীল বিষয়গুলো বড় পর্দায় তুলে ধরেছেন। জুরিবোর্ডের প্রধান রেজা মিরকারিমি চীনা পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন।

উৎসবের প্রতিযোগিতা বিভাগে তিনটি রুশ ছবি জায়গা পায়। এর মধ্যে শুধু রুস্তম হামদানোভের ছবি দ্যবটমলেসব্যাগ পুরস্কারে নাম লেখাতে সক্ষম হয়। বিশেষ জুরি পুরস্কার পান ছবিটির খ্যাতিমান পরিচালক রুস্তম হামদানোভ। পুরস্কার গ্রহণ করেন এ ছবির অভিনেত্রী সেভেতলানা নেমোলিয়ায়েভা। প্রদর্শনীর পর থেকেই ছবিটি ছিল জুরিদের পছন্দের তালিকায়। প্রায় সাত বছর পর পরিচালকের বানানো কাহিনিভিত্তিক এ ছবিটির জন্য মস্কোর দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।
তুরস্কের একটি অভিবাসী পরিবারের দৈনন্দিন সংগ্রাম নিয়ে ছবি নির্মাণ করেন তুর্কি পরিচালক ফিকরেত রেউহান। ইয়োলোহিট শিরোনামের ছবিটি সম্প্রতি ইস্তাম্বুল চলচ্চিত্র উৎসবে একই সঙ্গে চারটি পুরস্কার জিতে নেয়। এটাই পরিচালকের প্রথম ছবি। আর সেই ছবি তাঁকে দিয়েছে মস্কো উৎসবের সেরা পরিচালকের সম্মান।
পরিচালক কিম ভং-হানের অরিডিনারিপারসন ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন কোরিয়ান অভিনেতা সন হেনস।
অন্যদিকে পরিচালক আদ্রিয়ান জোইনজিনজেরার দ্যবেস্টঅবঅলওয়ার্ল্ডস ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার ভেরেনা আল্তেনভের্গের। অস্ট্রিয়া ও জার্মানির যৌথ প্রযোজনায় এ ছবিটি নির্মিত হয়।
বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন সংগঠন ও চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার ঘোষণা করা হয়। এতে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন (ফিপরেসসি) পুরস্কার পায় জাপানি চলচ্চিত্র সামারব্লুমস এবং নেটপ্যাক জিতেছে কোরিয়ান ছবি অরডিনারিপারসন।

প্রশংসিত ‘ডুব’
মস্কো আন্তর্জাতিক চলচিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব ছবিটি সাড়া ফেলেছে স্থানীয় দর্শকদের কাছে। ছবির প্রদর্শনী শেষে দর্শকেরা ছবিটির ভূয়সী প্রশংসা করে বলেন, দারুণ ছবি। মিউজিক, কাহিনিবিন্যাস, অভিনয়—সবকিছুই সুন্দর। প্রদর্শনী শেষে অনেক রুশ দর্শক ফারুকী ও অভিনেত্রী তিশাকে অভিনন্দন জানান।
মস্কো চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া বাংলাদেশি কোনো পরিচালকের এটিই প্রথম ছবি। ছবিটি ২৮ ও ২৯ জুন মস্কোর দুটি সিনেমা হলে দেখানো হয়। ডুব-এ অভিনয় করেছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, তিশা এবং ভারতের ইরফান খান, পার্নো মিত্র প্রমুখ।
এবারের এই উৎসবে বাংলাদেশের জন্য সুখবর বয়ে এনেছে ছবিটি। উৎসবের সমাপনী দিনে রুশ সাপ্তাহিক কমেরসান্ত উইকেন্ড জুরি পুরস্কার পায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ডুব। সামাজিক ও নৈতিক বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তোলায় পরিচালক ফারুকীকে এ পুরস্কার দেওয়া হয়।

মস্কোর লালগালিচায় তারকাদের মেলা
মস্কো চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে নগরীর পুশকিনস্কায়া উদ্যানে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মিলনমেলা বসে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে রাশিয়া সিনেমা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। গতবারের মতো এবারও মস্কোর লালগালিচা জনপ্রিয় সব তারকার পদচারণে মুখর ছিল। ভেন্যুর প্রবেশমুখ থেকে সিনেমা হল পর্যন্ত পুরোটা পথ ছিল লালগালিচায় মোড়ানো। পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা জমকালো পোশাকে হেঁটে যান মস্কোর লালগালিচায়।
মস্কোর লালগালিচায় বাংলাদেশি তারকাদের ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে দর্শনার্থীদের। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা যখন ফারুকীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মিলনায়তনের দিকে, তখন পাশ থেকে একদল তরুণ-তরুণী ‘নুসরাত...নুসরাত’ বলে ডাকতে থাকেন। ভক্তদের ডাকে সাড়া দিয়ে তিশা এগিয়ে গেলেন তাঁদের কাছে, হাতে থাকা তিশার ছবিতে অটোগ্রাফ চাইলেন ওই রুশ ভক্তরা, তিশাও তাঁদের নিরাশ করলেন না। এরপর ফারুকী-তিশা দুজনেই ফটোসেশনের জন্য এগিয়ে যান লালগালিচার মূল অংশে। বাংলাদেশি বংশোদ্ভূত রুশ তারকা মার্গারিতা মামুনকেও মস্কোর লালগালিচায় দেখা যায়।

উদ্বোধনী ও সমাপনী ছবি
ভারতীয় নির্মাতা এস এস রাজমৌলির চলচ্চিত্র বাহুবলী২: দ্যকনক্লুশন প্রদর্শনীর মধ্য দিয়ে গত ২২ জুন উদ্বোধন হয় আট দিনব্যাপী ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী প্রদর্শনী শেষে এ ছবির নির্মাণশৈলীর প্রশংসা করেন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট নিকিতা মিখালকোভ।
হলিউডের খ্যাতিমান অভিনেত্রী ও পরিচালক সোফিয়া কপোলার দ্যবিগাইলড প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় মস্কো চলচ্চিত্র উৎসব। গত মে মাসে শেষ হওয়া ৭০তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ ছবির জন্য সোফিয়া কপোলা দ্বিতীয় নারী হিসেবে জিতে নিয়েছিলেন সেরা নির্মাতার পুরস্কার। তাঁর আগে ১৯৬১ সালে দ্যস্টোরিঅবদ্যফ্লেমিংইয়ারস ছবিটি তৈরি করে সেরা নির্মাতার পুরস্কার জিতেছিলেন রাশিয়ার ইউলিয়া সলনৎসেভা।
৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে বিশ্বের ৬৪টি দেশের নির্মাতাদের মোট ২৪৭টি ছবি প্রদর্শিত হয়; এর মধ্যে ১৫৩টি পূর্ণদৈর্ঘ্য ও ৯৪টি স্বল্পদৈর্ঘ্যের। উৎসব চলাকালীন ছবিগুলো মস্কোর ১০টি সিনেমা হলে দেখানো হয়।