
আকাশে তখনো মেঘের ঘনঘটা। মাঝেমধ্যে টিপ টিপ বৃষ্টিও হলো একটু। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শত মানুষের উপস্থিতি। নানা ধরনের আয়োজন সেখানে। দর্শকসারিতে উপস্থিত কাঁটাবনের আলমগীর হোসেন হঠাৎ পাশের লোককে বলে উঠলেন, ‘খোলা আকাশের নিচে এক মঞ্চে গান, নাচ, আবৃত্তি আর নাটকের সমাহার। এটা প্রমাণ দেয়, সংস্কৃতিচর্চায় আমরা পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে আছি।’
আলমগীর হোসেন সোমবার স্ত্রীকে নিয়ে প্রথমে বইমেলা ঘুরে দেখেন। সেখান থেকে আসেন শহীদ মিনার এলাকায়। তাঁদের মতো এমন অনেকে বইমেলার পাট চুকিয়ে শহীদ মিনারে এসেছিলেন একুশের আয়োজন উপভোগ করতে। গ্রন্থমেলার পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালা ফেব্রুয়ারি মাসের একটি গুরুত্বপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে। ১৪ দিনব্যাপী জোটের একুশে অনুষ্ঠানমালার গতকাল সোমবার ছিল দশম দন।
বিকেলে এই অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ইফফাত আরা নার্গিস, রহিমা খাতুন, শিমুল সাহা প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে কৃষ্টি চর্চা কেন্দ্র, দৃষ্টি ও আনন্দন। দলীয় আবৃত্তিতে ছিল স্বরকল্পন আবৃত্তি চক্র ও মুক্তবাক। পথনাটক পরিবেশন করে মানস নাট্যাঙ্গন, নাটনন্দন ও পিদিম থিয়েটার।
‘রবি কবিতার আসর’
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবিতা পাঠের আয়োজন করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। ‘রবি কবিতার আসর’ শিরোনামে গতকাল সন্ধ্যায় রবির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আবুবকর সিদ্দিক, মাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ও আখলাসুর রহমান কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর উপস্থিত ছিলেন।

জীবনানন্দ দাশের জন্মোৎসব
বরিশাল অফিস জানায়, কবি জীবনানন্দ দাশের ১১৫তম জন্মদিন উপলক্ষে গতকাল বরিশালে দিনব্যাপী উৎসবের আয়োজন করে জীবনানন্দ উৎসব উদ্যাপন পরিষদ। এ ছাড়া জাতীয় কবিতা পরিষদ পৃথকভাবে কর্মসূচি পালন করে। গতকাল দুপুরে জীবনানন্দ দাশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র ব্রজমোহন কলেজে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জীবনানন্দ উৎসব উদ্যাপন পরিষদ ‘এসো জীবনের রঙে রাঙাই’ শীর্ষক দিনব্যাপী এই আয়োজন করে।
এতে অংশ নেয় ঢাকার ব্যান্ড দল মাকসুদ ও ঢাকা, কফিল আহমেদ, সহজিয়া এবং চিৎকার। এ ছাড়া ছিল উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, ব্রজমোহন থিয়েটার এবং সংস্কৃতি পরিষদের আবৃত্তি, নৃত্য ও নাটক। উৎসবের উদ্বোধন করেন মঈন তুষার এবং নাহিদ সেরনিয়াবাদ।
এ ছাড়া সকাল নয়টায় জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে কবির জন্মভিটায় নির্মিত জীবনানন্দ স্মৃতি মিলনায়তনের সামনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।