জমজমাট ছিল সোলায়মান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে আয়োজিত রঙ্গমাতন এস এম সোলায়মান উৎসবের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে আয়োজিত রঙ্গমাতন এস এম সোলায়মান উৎসবের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো

একটি দৈত্যকে বেঁধে রাখা হয়েছিল নাট্যশালার মূল ফটকে। যদিও সেটি প্রতীকী। খড় দিয়ে বানানো দৈত্য আর অসংখ্য মানুষকে গতকাল শুক্রবার সকাল থেকে ঝুলতে দেখা গেছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। ভাঙা আয়নায় দর্শকদের চেহারা আবিষ্কারের আহ্বান জানানো হয়েছে।
এ ছিল রঙ্গমাতন সোলায়মান মেলার আয়োজনের অংশ।
বাংলাদেশের নাট্য আন্দোলনের প্রধানদের একজন এস এম সোলায়মানের জন্ম ও মৃত্যুবার্ষিকী এ মাসেই। তাঁকে স্মরণ করে চতুর্থবারের মতো ছিল সোলায়মান মেলার আয়োজন। এ বছর এর দায়িত্ব বর্তেছে প্রাচ্যনাটের ওপর। সঙ্গে রয়েছে থিয়েটার আর্ট ইউনিট, বটতলা, উদীচী, আরণ্যক, তীরন্দাজ, মহাকাল এবং বাতিঘর।
সকালে এ দলগুলো তাঁদের নির্ধারিত এই মঞ্চে পথনাটক করেছে। বিকেলে এই নাটকগুলোই আবারও দেখানো হয়েছে।
এসব নাটকে সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া রাজীব, অভিজিৎ, রাজন, নীলাদ্রি থেকে হাতকড়া পরা পঙ্গু সাংবাদিক—সবার কথাই ছিল।
মেলা উপলক্ষে দুপুরে নাট্যশালার মূল মঞ্চে ছিল একটি উন্মুক্ত বৈঠক। তাতে ‘চোখ বুজে থাকুন: বাইরে প্রলয় ঘটছে’ শিরোনামে আলোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ। সে সময় মঞ্চে আনু মুহাম্মদের মুখোমুখি গোল হয়ে বসেছিলেন শতাধিক নাট্যকর্মী। তাঁরা প্রশ্ন করছিলেন আনু মুহাম্মদের কাছে।
আনু মুহাম্মদ বললেন, ‘নাটক প্রবন্ধের থেকেও বেশি শক্তিশালী মাধ্যম। আমি যেসব প্রবন্ধ লিখি, সেসব যদি নাটকের মাধ্যমে তুলে ধরতে পারতাম সেগুলো আরও বেশি কার্যকর হতো।’
শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করা হয়। বিকেলে নাট্যশালার আঙিনায় খোলা আকাশের নিচে মঞ্চস্থ হয় এস এম সোলায়মানের লেখা নাটক ‘এই দেশে এই বেশে’। তাতে অভিনয় করেন মেলার আয়োজক আটটি দল।
এরপর ছিল থিয়েটার আর্টের ইউনিটের প্রযোজনা স্বদেশ দ্বীপকের লেখা নাটক ‘কোর্ট মার্শাল’। এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।
রাতে অগ্নিচক্রনৃত্যের মধ্য দিয়ে সোলায়মান মেলা শেষ করা হয়।