
ভেতরে নাটক, বাইরে রবীন্দ্রনাথ—চিরচেনা গানে, নানা আকার-আকৃতির প্রতিকৃতিতে। নাটকের দল প্রাঙ্গণেমোরের ‘দুই বাংলার নাট্যমেলা রবীন্দ্রনাট্য ও অন্যান্য ২০১৫’ উৎসবে নানাভাবে পাওয়া গেল রবীন্দ্রনাথকে।
৬ মার্চ থেকে জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে উৎসবটি। ওই দিন থেকেই এলাকাটা রবীন্দ্রময়ও হয়ে উঠেছে। সাজসজ্জায় এবং দেশ-বিদেশের অভিনয়শিল্পীদের মিলনমেলায় সার্থক উৎসব।
‘শুধু আয়োজন নয়, উৎসব যেন সত্যিকার অর্থেই উৎসব হয়, সেদিকটা বেশি গুরুত্ব দিয়েছি আমরা।’ বলছিলেন প্রাঙ্গণেমোরের নূনা আফরোজ। প্রথম আলোকে তিনি বলেন, ‘মানুষ হিংসা, সন্ত্রাসকে ঘৃণা করে—তার একটি বড় উদাহরণ আমাদের এ আয়োজন। মাঝে এক দিন বাদ দিয়ে প্রতিদিনই মিলনায়তনপূর্ণ দর্শক মিলছে প্রদর্শনীগুলোতে।’ তিনি বলেন, ‘কলকাতার অনেক বিখ্যাত শিল্পীও এসেছেন আমাদের এ উৎসবে। এ তালিকায় ভারতের বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, তূর্ণা দাশ, সৌমিত্র মিত্র, চৈতী ঘোষাল, মলয় সাহা, শুভ্রজিৎ দত্তরা আছেন।’
স্বামীবাগ এলাকা থেকে স্ত্রী আর কন্যাকে নিয়ে নাটক দেখতে এসেছেন মনোয়ার দিপু। তিনি জানান, এ ধরনের উৎসবের সবচেয়ে ভাল দিক হলো পুরোনো আলোচিত নাটকগুলো এক আয়োজনে দেখা যায়।
গতকাল ছিল দুটি নাটকের প্রদর্শনী। জাতীয় নাট্যশালায় ভারতের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করে তৃতীয় আরেকজন। নাটকটি নির্দেশনা দিয়েছেন কিশোর সেনগুপ্ত। নির্দেশকের কথা অনুযায়ী, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের অন্য নাট্য প্রযোজনাগুলোর থেকে তৃতীয় আরেকজন একেবারেই আলাদা। সংসারবৃত্তের ঘেরাটোপে বন্দী দুটি মানুষের ব্যক্তিগত সংঘাত নিয়েই এ নাটক।
একই দিন পরীক্ষণ থিয়েটারে মহাকাল নাট্যসম্প্রদায় পরিবেশন করে নিশীমন বিসর্জন।
আজ জাতীয় নাট্যশালায় রয়েছে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নাটক মেয়েটি। এরিয়েল ডর্ফম্যানের ডেথ অ্যান্ড দ্য মেইডেন থেকে এটি অনুবাদ করেছেন কাবেরী বসু। নির্দেশনা দিয়েছেন কিশোর সেনগুপ্ত। তিনি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন গৌতম হালদার ও বিন্দিয়া ঘোষ।