জমজমাট বাংলাদেশ রজনী

সারা দিন ইলশেগুঁড়ি বৃষ্টি।বিকেলে মিলল মিষ্টি রোদের দেখা। সেই মিষ্টি রোদের কিছুটা ছোঁয়া লেগেছিল কলকাতার রবীন্দ্রসদনের করিডরে। বাইরের সাজসজ্জায় উৎসব আমেজ। রোদ আর উৎসবের আমেজ নিয়ে ভেতরে প্রবেশ করতে কানে ভেসে এল খুব চেনা একটি গানের সুর, ‘বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে...’। মিলনায়তন ভর্তি দর্শক তখন মুগ্ধ হয়ে দেখছেন মহাজনের নাও নাটকটি।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কলকাতার রবীন্দ্রসদনে সোমবার উদ্যাপিত হয়েছে ‘বাংলাদেশ নাইট’। ‘শিকড়ের ডানা হোক, ডানার শিকড়’ স্লোগানে কলকাতার দোহার ও লোপামুদ্রা প্রোডাকশনস ‘সহজ পরব’ শিরোনামে ‘রুট মিউজিক ফেস্টিভ্যাল’ শুরু করেছিল ১ আগস্ট। গতকাল সোমবার ছিল এ উৎসবের সমাপনী দিন। বিকেল সাড়ে পাঁচটায় বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে শাকুর মজিদ রচিত এবং সুদীপ চক্রবর্তী পরিচালিত সুবচনের নাটক মহাজনের নাও প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ রজনীর সূচনা ঘোষণা করেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন গিরিজা দেবী, লোপামুদ্রা মিত্র, কলিকা প্রসাদ প্রমুখ।
নাটক মঞ্চায়নের পরে বাংলাদেশ রজনীতে লোকগান পরিবেশন করেন চন্দনা মজুমদার। লালনের গান পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল ফকির লতিফ শাহ। উৎসবে মহাজনের নাও নাটকের নাট্যকার শাকুর মজিদ, সুবচন নাট্য সংসদের দলনেতা আহম্মেদ গিয়াস, শিল্পী চন্দনা মজুমদার ও বাউল ফকির লতিফ শাহকে সম্মাননা দেওয়া হয়। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভারতের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কৈলাস খের।
উৎসবের শেষ দিন ‘বাংলাদেশ রজনী’ স্থানীয় দর্শক-শ্রোতার মনে বেশ সাড়া জাগায়। বিশেষ করে মহাজনের নাও নাটকটি নিয়ে দর্শকদের আলোচনা করতে দেখা যায়। কলকাতার সংগীত, চলচ্চিত্র ও নাট্যজগতের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন বাংলাদেশ রজনীতে।
উৎসবে যোগ দিতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল কলকাতা এসেছিল। ৬ আগস্ট দলটি দেশে ফিরবে বলে জানা গেছে।