জমে উঠেছে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিজয় উৎসব। শীতের বিকেলে জাদুঘর প্রাঙ্গণে প্রতিদিন নানা বয়সের দর্শকের সমাগম ঘটে বিজয় উৎসব উপভোগ করতে। গতকাল বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা ও গানের পাশাপাশি ছিল নাটক।১০ ডিসেম্বর মানবাধিকার দিবস থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক এ অনুষ্ঠান। গতকাল অনুষ্ঠানের তৃতীয় দিনে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাব্যবস্থাপক এ কে এম মাহবুবুল আলম। ‘মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারী ও নতুন প্রজন্ম’ বিষয়ে আলোচনা করেন সুপ্রভাত হালদার। অনুষ্ঠানে কথা আবৃত্তি চর্চাকেন্দ্র দলীয় আবৃত্তি পরিবেশন করে। সমবেত গান করে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল। শেষে মঞ্চস্থ হয় শুন্যন-এর নাটক লাল জমিন। মান্নান হীরার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।‘বাংলাদেশের সাংস্কৃতিক তাকাফুল’ঢাকাকে ইসলামি সংস্কৃতির রাজধানী ঘোষণা, ২০১২ উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমী গতকাল বুধবার সকালে একাডেমীর সেমিনারকক্ষে সেমিনারের আয়োজন করে। এতে ‘বাংলাদেশের সাংস্কৃতিক তাকাফুল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মো. মাহমুদুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলা একাডেমীর উপপরিচালক মোহাম্মদ হারুন রশিদ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।মূল প্রবন্ধে মাহমুদুল ইসলাম বলেন, তাকাফুল শুধু ইসলামি অর্থনীতি নয় বরং ইসলামি সংস্কৃতিরও অন্যতম ভিত্তি। পবিত্র কোরআন ও সুন্নাহতে যেমন বলা হয়েছে, ‘তোমরা সৎ ও কল্যাণমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো আর অন্যায় ও অসত্য থেকে নিবৃত্ত করো, তাকাফুলের মৌল মর্মও তা।’ অর্থনীতির মাধ্যমে সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠায় তাকাফুল হতে পারে অন্যতম উপায়।সভাপতি মোহাম্মদ জমির বলেন, কল্যাণমুখী সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠায় তাকাফুলের ভূমিকা সামান্য নয়। এটি কেবল অর্থকড়ির বিষয় নয়, বরং এর অবস্তুগত সাংস্কৃতিক দিকও বিদ্যমান। তিনি বলেন, সহমর্মিতার বোধই তাকাফুল এবং ইসলামি দর্শনের সারকথা। শামসুজ্জামান খান বলেন, ইসলামের মর্মবাণীতে আছে মানবিকতা ও আন্তর্জাতিকতা বোধ। তাকাফুলের মাধ্যমে সামাজিক সংহতি প্রতিষ্ঠার সূত্রে গড়ে উঠতে পারে সমৃদ্ধ ও শান্তিময় পৃথিবী। অশোক কর্মকারের ‘হাজার বছর ধরে’বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ইউডা চারুকলা অনুষদের আয়োজনে শিল্পী অশোক কর্মকারের নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনাশিল্পের ওপর স্লাইড প্রদর্শন ও শিল্পালাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান। ইউডা চারুকলা অনুষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিল্পী অশোক কর্মকার শিল্পালাপ ও মতবিনিময় করেন। উত্তর-আধুনিক এ শিল্পমাধ্যম সম্পর্কে শিল্পী অশোক কর্মকার শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন এবং স্থাপনাশিল্পের ওপর শিল্পীর লিখিত ‘হাজার বছর ধরে’ শিরোনামে বক্তব্য পাঠ করেন।