
‘আষাঢ় মাইসা ভাসা পানিরে পুবালি বাতাসে, বাদাম দেইখ্যা চাইয়া থাকি, আমার নি কেউ আসে...’ বেশ দরদ দিয়ে গানটি করছিলেন একজন। বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে দিয়ে এগিয়ে যেতে গানটি কানে এল। গানের সুর ধরে এগিয়ে যাই। যে ঘর থেকে গানটি শোনা গেল, সে ঘরের বাইরে কাঁচা হাতের লেখা, ‘হৃদয় ঝুমুর ঝুমুর পুতুলনাচ’। টিকিট কেটে ভেতরে ঢুকে দেখা গেল দর্শকসারির প্রায় সবগুলো আসন পূর্ণ। মঞ্চের পাশে একজন এক হাতে হারমোনিয়াম, অন্য হাতে মাইক্রোফোন নিয়ে গাইছিলেন শিল্পী। মঞ্চে নানা আকৃতির পুতুল। ভরদুপুরেও পরিবেশটা দারুণ জমজমাট!
মিনিট দশেক পুতুলনাচ, তারপর মেলা ঘুরে দেখা। পরিসর বড়, কিন্তু ঘুরতে খুব বেশি সময় লাগল না। সুন্দর ছিমছাম মেলা। সে অর্থে আয়োজক কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তথ্য জানার জন্য মেলায় অংশ নেওয়া স্টলগুলোই ভরসা। বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) অন্যান্য বছরের মতো এবারও ১০ দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে। বাংলা একাডেমি ও বিসিকের যৌথ উদ্যোগে করা হয়েছে এই মেলা। গ্রামবাংলার সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটেছে এই মেলায়। মেলাটি ১ থেকে ১০ বৈশাখ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে।
বারোয়ারি মেলা বলতে যা বোঝায় তার ষোলো আনা আছে এ মেলায়। কুটির, হস্ত ও কারুশিল্পীদের হাতে তৈরি বাঁশ ও বেতের পণ্য, মৃৎশিল্প, শখের হাঁড়ি, পট চিত্র, শোলার পণ্য, পিতলের গয়না, দেশি-বিদেশি শো পিস, কাঠের শিল্প, পাটপণ্য, নকশিকাঁথা, মুখোশ, বিছানার চাদর, কুশন কভার, ল্যাম্প, শতরঞ্জি, বাঁশের বাঁশি, গয়না, রকমারি চুড়ি, পুঁতির মালা, ঝিনুকের পণ্য, জামদানি ও তাঁতের শাড়ি ইত্যাদির সমাহার এখানে।
মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে আছে নাগরদোলা, ঘোড়ার চরকি, পুতুলনাচ। হৃদয় ঝুমুর ঝুমুর পুতুলনাচ নামের প্রতিষ্ঠানটি মেলায় পরিবেশন করছে ঐতিহ্যবাহী পুতুলনাচ। কাপড়ের রঙিন পুতুলকে রঙিন পোশাক পরিয়ে লোকজ নানান কাহিনি অবলম্বনে অভিনয় করানো হয় পুতুলনাচে। সেই সঙ্গে থাকে লোকজ গানের সরাসরি পরিবেশনা। ভানুমতীর বিয়ে, নৌকাবাইচ, সীতাহরণ, সাপের খেলা, বাঘ শিকার, বয়াতি পুতুলের বিচ্ছেদ গান ইত্যাদি নানান পরিবেশনা দেখানো হয় পুতুলনাচে।
মেলায় এসে নাগরদোলার কাঠের আসনে বসে পাশের কাঠের হাতল শক্ত করে চেপে ধরে আকাশছোঁয়া আনন্দ উপভোগ করছে শিশুদের পাশাপাশি বড়রাও। স্বামীবাগ এলাকা থেকে মেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছিলেন মনোয়ার হোসেন। বললেন, নাগরদোলার ক্রমাগত ঘূর্ণি দেখে বাচ্চার সঙ্গে সঙ্গে আমারও তাতে চড়ার লোভ লেগেছে। তাই টিকিট কেটে উঠে গেলাম।’
সন্ধ্যায় একাডেমির নজরুল মঞ্চে বসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মেলা ঘুরে বাড়ি ফেরার পথে অনেকে সেখানে বসে মেতে ওঠেন বাউলদের জমজমাট গানে।
মেলায় আছে নানান রকমের খাদ্যসামগ্রী। মুরালি, মোয়া-মুড়ি, খই, কদমা-বাতাসা, মন্ডা-মিঠাই, নানান রকমের আচার, ভর্তা, ঘরে তৈরি নানান রকমের খাবার স্থান পেয়েছে মেলায়। একটি হার্বাল পণ্যের স্টলও দেখা গেল সেখানে।