জমজমাট শাহরুখের নানাবাড়ি
তারকাখ্যাতি বোধ হয় একেই বলে! তারকা যেটা পড়বেন সেটাই ‘হিট’, তারকা যেখানে পা রাখবেন, সেই জায়গাই ধন্য। যেমনটা হলো শাহরুখ খানের বেলায়। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে এই তারকা জানিয়েছিলেন, কর্ণাটকের বন্দরনগরী ম্যাঙ্গালোরে থাকতেন তাঁর নানা। সেখানে একটা বাংলোর মতো বাড়িও করেছিলেন শাহরুখের নানা ইফতিখার আহমেদ। ছেলেবেলায় মায়ের সঙ্গে দারুণ কিছু সময় সেখানে কাটিয়েছিলেন শাহরুখ। ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ম্যাঙ্গালোরের হারবার প্রকল্পে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ইফতিখার। এসব তথ্য মিলেছে সে সময় ইফতিখারের সহকারী হিসেবে কাজ করা নাগেশ মোড়লের কাছ থেকে। সে সময় নাকি ইফতিখারের মেয়ে ও নাতিকে বেশ কয়েকবার দেখেছিলেন নাগেশ। কিন্তু তখন তো বোঝারও উপায় ছিল না, সেই ছোট্ট বালকই হয়ে উঠবেন এত বড় তারকা। আর শাহরুখ এখন বলছেন, ম্যাঙ্গালোরে নাকি এখনো যান মাঝেমধ্যে। সেটা শুনে শাহরুখের নানাবাড়ি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ বনে গেছে রাতারাতি। টিএনএন।