জমল নাটকের আগে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল মঞ্চস্থ রোজানা নাটকের একটি দৃশ্য l প্রথম আলো
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল মঞ্চস্থ রোজানা নাটকের একটি দৃশ্য l প্রথম আলো

‘পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না/ আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না’ বেশ দরদ দিয়ে গাইছিলেন একজন। এই গানের সুর ধরেই সিঁড়ি বেয়ে পৌঁছে যাই নাট্যশালার করিডরে। মেঝেতে কয়েকজন শিল্পী বসে জমিয়ে তুলেছেন আসর। ঢোল, হারমোনিয়াম নিয়ে ব্যস্ত শিল্পীরা একের পর এক গান ধরছেন; কখনো লালন, কখনো একালের বাউলশিল্পীদের পরিচিত গান। সন্ধ্যায় শেষ হয় সে আসর। গান শোনা শেষ হলে সমাগতদের অনেকেই টিকিট কেটে ঢুকে যান নাটক দেখতে।
শিল্পকলা একাডেমীতে পদাতিক নাট্য সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’-এর গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। সন্ধ্যায় নাটক, বিকেলে গানের আসরে দর্শকের উপস্থিতি বলে দিচ্ছিল দ্বিতীয় দিনেই জমে উঠেছে নাট্যোৎসবটি। এদিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ও পরীক্ষণ থিয়েটারে দুটি নাটকের মঞ্চায়ন হয়।
দ্বিতীয় দিনে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয়েছে ভারতের নাট্যদল অনীক-এর নাটক ২১ এর গল্প। নাটকটি রচনা করেছেন অমলেশ চক্রবর্তী ও নির্দেশনা দিয়েছেন মলয় বিশ্বাস। একুশ শতক—যার শুরুটা হলো মেসোপটেমিয়ায় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার ধ্বংসের মধ্য দিয়ে। অমানবিক এক যুদ্ধ চাপিয়ে ইরাকে হত্যা করা হলো নারী, শিশু—শুধু তেলের দখল নেওয়ার জন্য। ধর্মের নামে গুজরাটে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো শুধু নির্বাচনে জেতার জন্য। একুশ শতক দেখছে পৃথিবীতে বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে হানাহানি। যে শতকে ঘৃণা ছাড়া বোধ হয় স্বাধীনতাও বাঁচে না। বিপন্ন, অশান্ত, রক্তাক্ত এই সময় আর ক্ষতবিক্ষত যৌবনকে ঘিরেই ‘ঐতিহ্য’ ও ‘আধুনিক’-এর সংঘাতে গড়ে ওঠা নাটক ২১ এর গল্প।
একই সময়ে জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চস্থ হয় ভারতের আরেক নাট্যদল রঙ্গকর্মীর নাটক রোজানা। নাটকটি রচিত হয়েছে ফ্রাংকা রেম এবং ডারিও ফোর ওয়াকিং আপ-এর কাহিনি অবলম্বনে। এটি নির্দেশনা দিয়েছেন ঊষা গাঙ্গুলী। নাটকে মায়া নামের একজন কারখানার শ্রমিকের সুখ-দুঃখের কাহিনি তুলে ধরা হয়েছে।