ওপরের সাদা-কালো ছবিটি থিয়েটারের জমিদার দর্পন নাটকের। মীর মশাররফ হোসেনের লেখা নাট্যরূপ মমতাজউদ্দীন আহমেদ আর নির্দেশনা দিয়েছেন আরিফুল হক। নাটকটির ছবিতে দেখা যাচ্ছে মুনিরা ইউসুফ মেমী, সঙ্গে স্বামী চরিত্রে গোলাম রব্বানী আর গ্রামের পাড়ার মহিলা চরিত্রে সাঈদা ইসলামকে। নাটকটির ছবির কথা বলতে গিয়ে মুনিরা ইউসুফ মেমী বললেন, এ নাটকটি দিয়েই আমি প্রথম মঞ্চে অভিনয় করি। তাও আবার দেশের বাইরে প্রথম প্রদর্শনী।’ এ নাটকটি নিয়ে অনেক স্মৃতি আছে বলে জানালেন তিনি। ‘আমি ১৯৮৫ সালে থিয়েটারে যোগ দিই। তখন মাত্র এসএসসি পাস করেছি। জমিদার দর্পন নাটকটি ভারতের তিনটি জায়গায় প্রদর্শনীর জন্য ভারত সরকারের কাছ থেকে আমন্ত্রণ আসে। সময়টা ১৯৮৬ সালের অক্টোবর মাস। এ চরিত্রটি করতেন তারানা হালিম। এ চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করতেন। তিনি এ নাটকটির প্রায় ৭৯টি প্রদর্শনীতে অভিনয় করেছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে ওই সময় তারানা হালিমের যাওয়া অনিশ্চিত। নির্দেশক আমাকে চরিত্রটি করতে বললেন। আমি নতুন। ভয়ও পাচ্ছিলাম। হাতে সময় আছে আট-নয় দিন। যা-ই হোক, দিন-রাত মহড়া করলাম। তখন মহড়া হতো নীলক্ষেতের পরিকল্পনা উন্নয়ন একাডেমি আর ঢাকা কলেজের অডিটরিয়ামে।’মেমী আরও বললেন, ‘নাটকটির প্রথম প্রদর্শনী হয় দিল্লিতে। ওখানে পরপর দুটি প্রদর্শনী হয়। এরপর জয়পুরে একটি ও কলকাতায় দুটি প্রদর্শনী হয়। বাংলাদেশেও দুটি প্রদর্শনীতে অংশ নিয়েছি। এরপর আর নাটকটির প্রদর্শনী হয়নি।’ নাটকটির ছবির মুহূর্তের কথাও তিনি বললেন, আমি গ্রামের এক কৃষকের স্ত্রী। কৃষককে নিয়মিতই জমিদারের খাজনা দিতে হয়। ওদিকে কোনো রকমের সংসার চালিয়েও একটি গরু পালি। গরুটি নিজের সন্তানের মতো করে বড় করি। কিন্তু হঠাৎ করেই একদিন গরুটি মারা যায়। তখন আমি কাঁদতে থাকি। স্বামী নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে। নাটকটি থিয়েটারের ব্যানারে ১৯৮৩-৮৪ সালে প্রথম মঞ্চে আসে।