‘জমিয়ে রাখা এক বান্ডিল চিরকুট দিয়েছিল সে’
উপস্থাপক ও মডেল শ্রাবণ্য তৌহিদা ও সাব্বির খান জুটির রসায়ন অসাধারণ। তাঁদের মতে, জীবনকে সুন্দর করতে হলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব জরুরি। দুজন ভিন্ন স্বভাবের হলেও বোঝাপড়া থাকলে জীবন সহজ হয়। সম্প্রতি ভালোবাসা দিবসের একটি অনুষ্ঠানে এসে নিজেদের ঘরের কথা বললেন শ্রাবণ্য ও সাব্বির। কথায় কথায় জানালেন, সাব্বিরকে তাঁর কাছে রোবটিক মনে হয়।
রোবটিক বিষয়টি আসলে কেমন, সে ব্যাখ্যা অবশ্য দিয়েছেন সাব্বির নিজেই। তিনি বলেন, ‘রোবটিকের সংজ্ঞা কী, সেটা আমি জানি না। তবে আমি আসলে নিজেকে প্রকাশ করতে পারি না। রোমান্টিকতা প্রকাশ করতে পারি না। তবে আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।’
আসলে শ্রাবণ্যর কাছে কেন সাব্বিরকে রোবটিক মনে হয়? এর উত্তরও দিয়েছেন শ্রাবণ্য। উদাহরণ টেনে বলেন, ‘সাব্বিরের স্বভাবটাই এমন। কোনো কাজের সহজে প্রশংসা করে না। তবে মাঝেমধ্যে করে কিন্তু অনেক পরে। ধরুন আমি মজার কোনো খাবার রান্না করেছি, সাব্বির সেটা খেয়ে কোনো প্রশংসাই করল না। ভালো হয়েছে কি না, সেটা জানতে চাইলে একটা রসকষহীন উত্তর শুনতে পাব।’
ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে ‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’ আসরে এসেছিলেন এই জুটি। সেখানে অভিনেত্রী মুমতাহিনা টয়ার সঙ্গে ভালোবাসার গল্প নিয়ে আড্ডা দিয়েছেন শ্রাবণ্য তৌহিদা ও সাব্বির খান। সেখানে ভালোবাসা নিয়ে তাঁদের অনুভূতি জানালেন এই জুটি। শ্রাবণ্য তৌহিদার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। তিনি বলেন, ‘ভালোবাসা পুরোটাই ইমোশনাল। কিন্তু তারপরও আমার কাছে মনে হয়, ভালোবাসার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে। যে এক্স ফ্যাক্টর ছাড়া কারও চলা সম্ভব নয়। সাব্বির আর আমার মধ্যে এক্স হারটা হলো আমাদের দুজনের বোঝাপড়াটা অসাধারণ। এমন বোঝাপড়া আর কারও সঙ্গে আমার নেই।’
শ্রাবণ্য তৌহিদা ও সাব্বির খানের চার বছরের ভালোবাসার সংসার। বিয়ের পরে প্রথম ভালোবাসা দিবস কীভাবে কাটিয়েছিলেন এই জুটি? জানা গেল, বিয়ের পরে প্রথম ভালোবাসা দিবস তাঁরা একসঙ্গে কাটাননি। সাব্বির খান বলেন, ‘চাকরির কারণে আমি বেশির ভাগ সময় দেশের বাইরে থাকি। বিয়ের পরের ভালোবাসা দিবসেও আমি দেশের বাইরে ছিলাম। তবে আমি সারপ্রাইজড হয়েছিলাম। শ্রাবণ্য যখন ঢাকা মেডিকেলে দায়িত্ব পালন করত, তখন প্রতিদিন একটা করে চিরকুট দিত আমাকে। দেশের বাইরে থাকার কারণে ওই চিরকুটগুলো আমাকে দেওয়া হয়নি। বেশ কয়েক দিনের চিরকুট জমিয়ে রেখেছিল শ্রাবণ্য। যখন আমি দেশে আসি, তখন আমাকে জমিয়ে রাখা এক বান্ডিল চিরকুট দিয়েছিল সে। এটা আমার জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার ছিল।’
ওদিকে শ্রাবণ্য তৌহিদার কাছে প্রতিদিনই ভালোবাসার দিন। তিনি বলেন, ‘প্রথম ভালোবাসা দিবসে সাব্বিরের কাছে এমন একটা উপহার পেয়েছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। ভালোবাসা দিবসের ওই উপহার আমি সব সময় পরে থাকি। বিয়ের আগেও সাব্বির আমাকে ভালোবাসা দিবসে একটা উপহার দিয়ে চমকে দিয়েছিল। সেটা আমার কাছে খুবই বিশেষ একটা জিনিস ছিল। সেটা আসলে বস্তুগত কোনো উপহার নয়।’
শ্রাবণ্য তৌহিদা একাধারে চিকিৎসক ও উপস্থাপক। কোন বিষয়টা এনজয় করেন? উত্তরে তিনি বলেন, ‘আমি দুটো বিষয় এনজয় করি। আমি মেডিকেল সায়েন্সের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তাহলে আমাকে বেঁচে থাকতে হবে অক্সিজেন নিয়ে। এই অক্সিজেন হচ্ছে আমার উপস্থাপনা।’
তবে জীবনসঙ্গী শ্রাবণ্যকেই বেশি পছন্দ স্বামী সাব্বিরের। তিনি বলেন, ‘উপস্থাপক শ্রাবণ্য আমাকে গর্বিত করে। স্কুল–কলেজজীবনে আমি বিতর্ক করতাম। তাই আমিও কথা বলতে ভালোবাসি। যখন আমার লাইফ পার্টনার ওই কাজই করে, তখন আমার খুবই ভালো লাগে। তাই উপস্থাপক শ্রাবণ্য আমার গর্বের জায়গা। আর জীবনসঙ্গী শ্রাবণ্য আমার পছন্দ।’